হাইকোর্টে ধাক্কা অভিষেকের! মিলল না রক্ষাকবচ, বৃহস্পতিতে শুনানি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 10, 2026

হাইকোর্টে ধাক্কা অভিষেকের! মিলল না রক্ষাকবচ, বৃহস্পতিতে শুনানি


কলকাতা: বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে সিআইডি নোটিশ ধরিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি। এমনকি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। কিন্তু এই মামলায় শুনানির কথা থাকলেও ১০ জুন তা হল না। বুধবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, আগামিকাল, বৃহস্পতিবার তিনি মামলাটি শোনার চেষ্টা করবেন। আজ শুনানি সম্ভব নয়। কারণ, সরকার পক্ষের আইনজীবীর বেশির ভাগই মামলায় থাকছেন না। এই পরিস্থিতিতে আগে রাজ্যকে নোটিশ দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।


বিধানসভায় সই কেলেঙ্কারি কাণ্ডে এখনও পর্যন্ত কোনও আইনি রক্ষাকবচ পাননি অভিষেক। এই পরিস্থিতিতে বুধবার ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সিআইডি-র অতিসক্রিয়তা এবং প্রতিনিয়ত হেনস্থার অভিযোগ তুলে এই মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলেও তা শোনা হল না।


এদিন অভিষেকের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, "এই মামলাটির অত্যন্ত দ্রুত শুনানির প্রয়োজন। গতকালই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে সিআইডি তল্লাশি চালিয়েছে। প্রতিনিয়ত হেনস্থা করা হচ্ছে। তাই আদালতের হস্তক্ষেপ এবং দ্রুত শুনানি দরকার।" এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ নির্দেশ দেন, মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে অবিলম্বে নোটিশ পাঠাতে হবে। আদালত জানায়, আগামীকালই এই মামলার শুনানি হবে।


উল্লেখ্য, সই কেলেঙ্কারি কাণ্ডে সিআইডির কড়া পদক্ষেপ বা গ্রেফতারের আশঙ্কায় আইনি রক্ষাকবচ চেয়ে আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেইসময় তাঁর আইনজীবীরা জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির আবেদন জানালেও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস সেই আর্জি খারিজ করে দিয়েছিলেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, কোনও তাড়াহুড়ো নয়, ১০ জুন মামলার পরবর্তী শুনানি হবে। কিন্তু এদিনও শূন্য হাতে ফিরতে হল অভিষেককে। এবারে বৃহস্পতিবারের কি হতে চলেছে, আপাতত সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

No comments:

Post a Comment

Post Top Ad