কলকাতা: থানার দ্বারস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় মানহানির অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে, সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত অপমানজনক এবং বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে তাঁর সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ঠাকুরপুকুর থানায় সৌরভ লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েছেন।
পুলিশের কাছে করা অভিযোগে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রধানত 'সৌরভ গাঙ্গুলী ফ্যানস' নামের একটি ফেসবুক পেজের কথা উল্লেখ করেছেন। অভিযোগ অনুযায়ী, এই পেজটির ৩৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে এবং এটি গাঙ্গুলীর অফিশিয়াল ফ্যান পেজ বলে দাবী করে।
সৌরভের দাবী, এই পেজটি ক্রমাগত এমন সব বার্তা পোস্ট করছে যা তাঁর সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণা তৈরি করছে এবং তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম নষ্ট করার চেষ্টা করছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর অভিযোগে এই ফেসবুক পেজটি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানানোর পাশাপাশি একটি স্পোর্টস ওয়েবসাইটেরও উল্লেখ করেছেন।
অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, 'নিরন্তর আমার মর্যাদাহানির চেষ্টা করছে। জনগণের মধ্যে আমার সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে।' তিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন, সেকথা উল্লেখ করে সৌরভ লিখেছেন, 'বিশ্বজুড়ে আমার লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। এই ধরণের কনটেন্ট শেয়ার করে আমার ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদার ক্ষতি করছে এই ফেসবুজ পেজটি। তাই, এই ফেসবুজ পেজ যিনি কিংবা যাঁরা অপারেট করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হোক।'
নিজের অভিযোগে সৌরভ স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি কোনও তুচ্ছ কারণে পুলিশের কাছে যাননি। বিষয়টির গুরুত্ব স্পষ্ট করে তিনি তাঁর আবেদনে বলেছেন, "একজন জনপরিচিত ব্যক্তিত্ব হিসেবে আমি পুরোপুরি বুঝি যে জনমত এবং সমালোচনা জনজীবনেরই একটি অংশ। তবে, আমার সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর, মানহানিকর এবং ক্ষতিকর বিষয়বস্তু ছড়ানো অগ্রহণযোগ্য এবং এর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।"
ওই ফেসবুক পেজটি পরিচালনাকারী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন তিনি। এদিকে, একজন শীর্ষ পুলিশ আধিকারিক প্রাক্তন বোর্ড সভাপতির কাছ থেকে একটি অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ওই আধিকারিক জানান, পুলিশ বর্তমানে পুরো বিষয়টি এবং উত্থাপিত অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
উল্লেখ্য যে, এর আগে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবী করা হয়েছিল যে, মমতা বন্দ্যোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাধ্যমে বহরমপুর লোকসভা আসনের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করে আসনটি খালি করে দেওয়ার জন্য বার্তা পাঠানো হয়েছিল যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে, সৌরভ এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে একটি স্পষ্ট বিবৃতি জারি করেন। তিনি বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কখনও এমন বার্তা পাঠাতে বলেননি এবং তিনি ইউসুফ পাঠানের সঙ্গে যোগাযোগ বা কথাও বলেননি। ইউসুফ পাঠানও এই প্রতিবেদনটিকে সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা বলে অভিহিত করেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনও নেতা তাঁকে পদত্যাগ করতে বলেননি।

No comments:
Post a Comment