কলকাতা: সমস্যা যেন জোঁকের মতো চিপকে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবারে মানহানির মামলায় তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। অভিষেক বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয় ও তাঁর ছেলেকে 'গুণ্ডা' বলে আক্রমণ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের এমপি-এমএলএ আদালতে মামলা রুজু হয়। মানহানির মামলা দায়ের করেন কৈলাশ পুত্র আকাশ বিজয়বর্গীয়।
একাধিক বার আদালতের তরফে সমন পাঠানো হলেও হাজিরা দেননি অভিষেক। তারপরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলা গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে। ভোপালের বিশেষ আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন জানান অভিষেকের আইনজীবী। গত ১২ নভেম্বর সেই পরোয়ানায় স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার সেই নির্দেশই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছেন বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল।
ঘটনার সূত্রপাত হয় ২০২০ সালের নভেম্বরে। কলকাতায় একটি রাজনৈতিক সমাবেশে অভিষেক এই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিষেক। এরপরেই এমপি-এমএলএ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, যার পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে করা তাঁর আবেদনে তৃণমূল সাংসদের আইনজীবী যুক্তি দেন যে, তিনি একজন সংসদ সদস্য এবং তাঁর পলাতক হওয়ার সম্ভাবনা নেই। আবেদনটির শুনানি করে গত বছরের ১২ নভেম্বর একটি একক বেঞ্চ গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার ওপর স্থগিতাদেশ জারি করে।
এরপর গত বুধবারের শুনানিতে আবেদনকারীর পক্ষে কেউ উপস্থিত হননি। অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের একক বেঞ্চ তাঁর আদেশে জানায় যে, আবেদনকারীর এই আবেদনটি চালিয়ে যাওয়ার কোনও আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। এরপর বিচারপতি আগরওয়াল গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেন এবং আবেদনটি খারিজ করে দেন। তিনি আদেশের একটি অনুলিপি ভোপাল আদালতে পাঠানোর নির্দেশ দেন। আদালত পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে আদেশের একটি অনুলিপি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বাংলায় পালাবদলের পর থেকেই অভিষেকের যেন শনির দশা চলছে। আজ ইডি ও কাল সিআইডি হাজিরা দিতে হচ্ছে। কখনও পুর আধিকারিকরা ফিতে হাতে পৌঁছে যাচ্ছেন তাঁর বাড়ির দরজায়। শালবনি থেকে পুলিশ এসে তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে। এখানেই শেষ নয়, সুদূর ত্রিপুরা থেকেও এসেছে সমন। স্বশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। এসবের মাঝেই নতুন করে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

No comments:
Post a Comment