কলকাতা: 'এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে', প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো আক্রমণ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ইস্যুতে সরগরম বাংলার রাজনীতি। সেই নিয়েই এবারে সরব হলেন দিলীপ ঘোষ।
ইকোপার্কে প্রাতঃভ্রমণ সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমাকে একসময় সরকার দু'জন নিরাপত্তা রক্ষী (কনস্টেবল) দিয়েছিল। আমি তো বলিনি, চয়েসও করিনি। সরকার দিয়েছিল উনারা আমার সঙ্গে থাকতেন। তাহলে উনি কেন চয়েস করছেন?" উনি যখন সরকারে ছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ছিলেন, উনি এগুলো সঞ্চালনা করেছেন। যাকে যেখানে পাঠিয়েছিলেন! ছ-মাস অন্তর চেঞ্জ করতেন।"
তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানিয়ে মন্ত্রী বলেন, "ওনার থানার ওসির কোনওদিন বদলি হয়নি, এয়ারপোর্টের ওসির কোনও দিন বদলি হয়নি। তো আজকে যিনি সরকারের মুখিয়া আছেন, তাঁর দায়িত্ব আছে এটা দেখার, অধিকারও আছে কাকে কোথায় পোস্টিং করবেন। সেটা উনি মানছেন না কেন? উনি সরকার মানবেন না, উনি সংবিধান মানবেন না, উনি কোর্ট মানবেন না। তো এই দেশে আছেন কেন? চলে যান বাংলাদেশে।"
উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও ছিলেন স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার দ্বিবেদী। দীর্ঘ ২০ বছর ধরে তাঁরা দায়িত্বে ছিলেন। বুধবার সন্ধ্যা নাগাদ প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাঁদের সেই কাজ থেকে সরিয়ে অন্য তিনজনকে নিয়োগ করা হয়। এই ঘটনার তীব্র বিরোধিতা করতে দেখা যায় মমতা-পন্থী তৃণমূলের তরফে। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে লাইভও করেন তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়েন। বৃহস্পতিবার সকালে এই বিষয়েই প্রতিক্রিয়া জানাতে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ।

No comments:
Post a Comment