গ্রেফতার তৃণমূলের জয়প্রকাশ মজুমদার - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, June 3, 2026

গ্রেফতার তৃণমূলের জয়প্রকাশ মজুমদার


কলকাতা: গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। শ্লীলতাহানির অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ বাধে। আজ ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু-পক্ষের বিবাদ শুরু হয়। এনিয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।


চৌদ্দ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে জোরপূর্বক বাড়ি দখল করে রাখার অভিযোগ জয়প্রকাশের বিরুদ্ধে। একইসঙ্গে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। 


জানা গিয়েছে, ফ্ল্যাট ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় ২০১৫ সালেই। অভিযোগ, তারপর আর নতুন করে কোনও চুক্তি করেননি তিনি। এমনকি পুরনো চুক্তির নবীকরণও করা হয়নি। অভিযোগ, ফ্ল্যাটের মালিক জয়প্রকাশদের আইনি নোটিশও ধরিয়েছিলেন। উঠে যেতে বলেছিলেন কিন্তু জয়প্রকাশ বা তাঁর পরিবারের কেউ কর্ণপাত করেননি। এমনকি, আরতিকে কটূক্তি করা এবং হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। 


বুধবার ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু'পক্ষের বিবাদ হয়। স্থানীয় বাসিন্দারা জয়প্রকাশ মজুমদারকে দেখে তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। জয়প্রকাশকে ঘিরে ওঠে চোর-চোর স্লোগান। গাড়ির ভিতরে নিরুপায় হয়ে বসে থাকতে দেখা যায় জয়প্রকাশ মজুমদারকে। তিনি মৌখিকভাবে বাড়ি ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও স্থানীয় লোকজন তা মানতে চাননি। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 


এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর বিধাননগর থানার পুলিশ। পুলিশের সঙ্গেই থানায় যান বাড়ির মালিক আরতি দেবী। তাঁর অভিযোগের ভিত্তিতেই শেষে আটক করা হয় তৃণমূল নেতাকে। তারপর তাঁকে গ্রেফতার করাও হয়। তাঁর বিরুদ্ধে বাড়ির মালিক আরতি রায়চৌধুরীকে হুমকি, শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।

No comments:

Post a Comment

Post Top Ad