ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক, রবিতে ফের তলব - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, June 12, 2026

ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক, রবিতে ফের তলব


কলকাতা: প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের হেডলাইনের কিছুক্ষণ আগেই বৃহস্পতিবার সন্ধ্যা ৫:৪৯ নাগাদ সিআইডির দফতরে পৌঁছন অভিষেক। সই কেলেঙ্কারি কাণ্ডে একটানা পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর রাত প্রায় সাড়ে ১১ টা নাগাদ ভবানীভবন থেকে গাড়িতে করে বেরিয়ে যান তিনি। সিআইডি অফিস থেকে বেরিয়ে পৌঁছে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যারে বাড়িতে, সেখানে উপস্থিত ছিলেন দলের বেশ কয়েকজন নেতৃত্ব। এদিন কলকাতা বিমানবন্দরে বা সিআইডি দফতরে হাজিরার আগে পরে কার্যত মুখে কুলুপ এঁটেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সিআইডি 


সূত্রে খবর, আগামী রবিবার অর্থাৎ ১৪ জুন তাঁকে বেলা বারোটার সময় আবার ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। অভিষেকের বেশ কিছু প্রশ্নের জবাবে সম্পূর্ণরূপে সন্তুষ্ট নন সিআইডি আধিকারিকরা, সেই কারণেই ফের তলব। অন্যদিকে, ১৫ জুন আবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে।


বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হতে বলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সময়ের মধ্যেই এদিন গাড়িতে করে ভবানী ভবনে পৌঁছন অভিষেক। কিন্তু কোনও বক্তব্য রাখেননি তিনি। 


অন্যদিকে, বৃহস্পতিবারই সই কেলেঙ্কারি মামলা হওয়া সব এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষাকবচের আর্জিও করেছিলেন তিনি। এ দিনই মামলা দায়ের আবেদন করেছিলেন, সেই মামলা দায়েরের অনুমতিও দেওয়া হয়েছিল। আর এদিনই হাইকোর্ট জানিয়ে দেয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে অভিষেককে সিআইডির মুখোমুখি হতে হবে। তার সঙ্গে এটাও জানানো হয় যে তাঁর বিরুদ্ধে তিন সপ্তাহ কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। তার সঙ্গেই জানানো হয়েছে, এর পরে অভিষেককে তলব করতে হলে ২৪ ঘন্টা আগে নোটিশ দিতে হবে। রক্ষাকবচ বাতিল করার আবেদন করেছিল রাজ্য। কিন্তু বিচারপতি জানিয়েছেন, প্রয়োজনে পুলিশ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। পুলিশ যদি এসে জানায়, তিনি সহযোগিতা করছেন না। তখন সেই বিষয়টি দেখা যাবে। 


এর আগে তিন বারই সিআইডি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন অভিষেক, যাননি ভবানী ভবনে। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে, বৃহস্পতিবার দিল্লী থেকে কলকাতা ফিরে প্রথমে বাড়িতে যান অভিষেক। তারপরে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যান ভবানী ভবনে। প্রাথমিক কিছু প্রক্রিয়ার পর অভিষেককে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিআইডি আধিকারিকরা। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় তৃণমূল সাংসদকে ফের তলব করা হয়েছে বলে সূত্রে খবর।

No comments:

Post a Comment

Post Top Ad