নিজস্ব সংবাদদাতা, মালদা: রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসে পদত্যাগীদের সংখ্যা বাড়ছে। এবারে জোড়াফুল ছাড়লেন মালদা জেলা যুব সভাপতি। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস ছেড়ে ফের কংগ্রেসে যোগ দিলেন প্রসেনজিৎ দাস। রবিবার মালদা টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে ঘর ওয়াপসি করেন তিনি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা জেলা সভাপতি ঈশা খান চৌধুরী এবং মৌসম বেনজির নূর। তাঁদের হাত ধরেই কংগ্রেসে ফেরেন প্রসেনজিৎ দাস। এই দলবদলকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলে নতুন সমীকরণের স্পষ্ট ইঙ্গিত মিলছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রসেনজিৎ দাসের এই 'প্রত্যাবর্তন' মালদার নির্বাচনী সমীকরণকে এক নতুন মাত্রা দিতে পারে। ছাত্র ও যুব রাজনীতির হাত ধরেই মূলত কংগ্রেসে তাঁর রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল। একজন দক্ষ সংগঠক হিসেবে
রাজনৈতিক জীবনের শুরুতে কংগ্রেসের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সামলেছিলেন প্রসেনজিৎ দাস। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দ্রুত সেই দলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন। জেলা যুব সভাপতির দায়িত্বও পালন করেন। পরবর্তীতে গত বিধানসভা নির্বাচনে গাজোল কেন্দ্র থেকে তাঁকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়। কিন্তু তিনি বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।
দীর্ঘদিন তৃণমূলে থাকার পর ফের তাঁর পুরনো দলে ফিরে আসায় মালদার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কংগ্রেস নেতৃত্বের দাবী, প্রসেনজিৎ দাসের প্রত্যাবর্তনে সংগঠন আরও শক্তিশালী হবে এবং আগামী রাজনৈতিক লড়াইয়ে দল নতুন গতি পাবে। অন্যদিকে, তাঁর এই দলবদলকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নানান জল্পনা তৈরি হয়েছে।

No comments:
Post a Comment