বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু, হিলি সীমান্তে খুশির হাওয়া - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, June 28, 2026

বাংলাদেশিদের জন্য পুনরায় পর্যটন ভিসা চালু, হিলি সীমান্তে খুশির হাওয়া


নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: বাংলাদেশে গণঅভ্যুত্থানের দু'বছর পর আবার ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করেছে। আজ ২৮ জুন থেকেই তা চালু হচ্ছে। আর এই খবর আসা মাত্রই দক্ষিণ দিনাজপুর জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে খুশির হাওয়া। সীমান্ত এলাকার বাসিন্দা থেকে শুরু করে চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে আসা রোগীর পরিজনরা খুব খুশি। 


বাংলাদেশের গণঅভ্যুত্থানের আগে ভারত থেকে পর্যটন ভিসা দেওয়া হতো। এর ফলে প্রতিদিন সীমান্ত দিয়ে ৭০০ থেকে ৮০০ মানুষ বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত করতেন ভিসা নিয়ে। বিগত দু'বছর ধরে ভারত শুধু বাংলাদেশীদের জন্য মেডিকেল ভিসা দিচ্ছিল যার ফলে এই সংখ্যাটা কমে এসেছিল মাত্র ১৫০ থেকে ২০০- এর মধ্যে। এবার পুনরায় পর্যটন ভিসা চালু করায় এক দিকে যেমন পুনরায় বাংলাদেশ থেকে পর্যটক আসার সংখ্যা বাড়বে হিলি সীমান্ত দিয়ে, তেমন সীমান্ত এলাকার বাণিজ্য উন্নতি ঘটবে বলে মত ব্যবসায়ীদের। 


বাংলাদেশের দিনাজপুর জেলা থেকে ভারতে চিকিৎসা করতে আসা সাদিয়া নামে এক বাংলাদেশি নাগরিক বলেন, 'এটা আমাদের কাছে একটা অনেক ভালো লাগার বিষয় কারণ এটা দীর্ঘ দুই বছর ধরে চালু হবে। কিছুদিন আগে আমি মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা করার জন্য ভারতে প্রবেশ করেছিলাম। ব্যাঙ্গালোরে চিকিৎসা করিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আশা করি সামনের বার যখন আসব তখন মেডিকেল ভিসা নিয়ে নয় সরাসরি ট্রাভেল ভিসা নিয়ে ভারতে প্রবেশ করতে পারব।' তিনি আরও বলেন, 'ভারতের অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো বাংলাদেশের পর্যটকরা ঘুরে দেখতে চান কিন্তু পর্যটন ভিসা বন্ধ থাকায় সেটা এতদিন সম্ভব হচ্ছিল না। এতদিন শুধু মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসা চালু ছিল। পর্যটন ভিসা চালু হওয়ায় আবার বাংলাদেশীরা ভারতে ঘুরতে আসতে পারবে বলে আমার আশা।'


 এই প্রসঙ্গে ভারতের হিলি সীমান্তের এক ব্যবসায়ী অংশুমান সাহা বলেন, 'পর্যটন ভিসা পুনরায় চালু হলে আশা করা যাচ্ছে ব্যবসার পরিস্থিতির আগের থেকে অনেকটাই ভালো হবে। কিন্তু এই ভিজে চালু করার ক্ষেত্রে কী কী মানদণ্ডগুলি প্রাধান্য দেওয়া হবে, সেই বিষয়ে বলতে পারছি না। আমার আশা এটা চালু হলে আমাদের জেলার সীমান্ত এলাকায় ব্যবসা-বাণিজ্যের পুনরায় উন্নতি ঘটবে।'

No comments:

Post a Comment

Post Top Ad