তোলাবাজি ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত ও গ্রেফতারির ঘটনা সামনে এসেছে। এই আবহে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকেও কয়েকদিন ধরে খুঁজছিল পুলিশ বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। একইসঙ্গে তাঁর ছেলে তথা দুই হাজার ছাব্বিশ সালের পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষের অবস্থান নিয়েও জল্পনা তৈরি হয়েছিল।
শনিবার সন্ধ্যায় সেই জল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে দেখা গেল নির্মল ঘোষকে। তিনি প্রকাশ্যেই একটি দলীয় বৈঠকে যোগ দিতে যান। গাড়ি থেকে নেমে স্বাভাবিকভাবেই বৈঠকের স্থানে প্রবেশ করেন এবং সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রশ্নেরও উত্তর দেন।
উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে পানিহাটির একটি বড় বার ও হোটেলের মালিক সুশান্ত সরকারকে খড়দহ থানার পুলিশ গ্রেফতার করার পর থেকেই নির্মল ঘোষকে খোঁজা হচ্ছে বলে খবর ছড়ায়। এমনও দাবি করা হচ্ছিল যে তিনি গা ঢাকা দিয়েছেন এবং তাঁর অবস্থান জানার চেষ্টা চলছে।
এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্মল ঘোষ স্পষ্ট বলেন, ‘গা ঢাকা? কে বলেছে?’ রাজনৈতিক অবস্থান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমার হৃদয় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। অভিষেককে নিয়ে এখন কিছু বলতে পারছি না।’
ছেলে তীর্থঙ্কর ঘোষ কোথায় রয়েছেন, সেই প্রশ্নের উত্তরে নির্মল ঘোষ বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কে কোথায় আছে, তা বলা কঠিন।’
প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর তাঁর দেহ দ্রুত দাহ করা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেই ঘটনায় নির্মল ঘোষের নামও অভিযোগের তালিকায় উঠে এসেছিল। অন্যদিকে, বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্রে তীর্থঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী রত্না দেবনাথের কাছে পরাজিত হন। এরপর থেকেই তোলাবাজির অভিযোগের তদন্তে বাবা-ছেলেকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা বাড়ে।

No comments:
Post a Comment