কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতির ধমক খেয়েই মামলা প্রত্যাহার অভিষেকের! ডিম না ছোড়ার আর্জি - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, July 10, 2026

কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতির ধমক খেয়েই মামলা প্রত্যাহার অভিষেকের! ডিম না ছোড়ার আর্জি

 


কলকাতা: ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তদন্তে সহযোগিতার স্বার্থেই আদালত তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। তার পরেও সহযোগিতার বদলে নতুন মামলা করায় কলকাতা হাইকোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন তৃণমূল সাংসদ। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানান, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দেন বিচারপতি। প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা করবেন বলেও জানান।‌ আর তার জেরেই 'ডিজে' সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহার করে নিতে বাধ্য হলেন তাঁর আইনজীবী। 


আইনজীবী জানিয়েছেন, নির্ধারিত সময়েই তাঁর মক্কেল কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন। পাশাপাশি, রাস্তাঘাটে অভিষেককে লক্ষ্য করে যাতে ডিম ছোড়া না হয়, সেই আর্জিও জানান তাঁর আইনজীবী। সেই প্রেক্ষিতে আদালতের নির্দেশ, অভিষেককে যাবতীয় নিরাপত্তা দিতে হবে।


বেশ কিছুদিন ধরেই 'ডিজে মামলা'য় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতের দ্বারস্থ হন তিনি। 'ডিজে মন্তব্য' তার-ই, স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তাঁর প্রশ্ন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কী? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি বলেন, “কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন? সব কিছুর একটা সীমা থাকা উচিৎ। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষাকবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন। না হলে মামলা খারিজ করে জরিমানা করব।” পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কণ্ঠস্বরের নমুনা দিতে আগামী ১৫ জুলাই দুপুর ১২টায় নিম্ন আদালতে যেতে হবে অভিষেককে।


বিচারপতি বলেন, "গত ২১ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় রক্ষাকবচ দেওয়ার পরেও, নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা আসলে বিচারব্যবস্থাকে ব্যতিব্যস্ত করা ছাড়া আর কিছু নয়। হাইকোর্ট যেখানে রক্ষাকবচ দিচ্ছে, সেখানে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা মানে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা। তদন্তে সহযোগিতা করার শর্তে তাঁকে রক্ষাকবচ দেওয়া হয়েছে। উনি সেই নিরাপত্তাও নিচ্ছেন, অথচ তদন্তে সহযোগিতা না করে নতুন নতুন মামলা করছেন। ৩১ জুলাই পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন, ৪৮ ঘন্টা আগে নোটিশ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, তার পরেও এই আচরণ কেন?"


আদালতের এই ভর্ৎসনার পরে অভিষেকের আইনজীবী জানান, তাঁরা মামলা প্রত্যাহার করবেন। এরপরেই তিনি বিচারপতির উদ্দেশ্যে বলেন, 'নমুনা দিতে গেলে আমার মক্কেলকে যাতে ডিম ছোড়া না হয়, সেই নিরাপত্তা দেওয়া হোক।' এ ব্যাপারে রাজ্যকে পদক্ষেপ করতে বলেছে আদালত। আদালত জানিয়েছে, ডিম হামলা যাতে না হয়, তা নিশ্চিত করবে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad