নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হয়েছে। তৃণমূল সরকারের পতন ঘটিয়ে এখন রাজ্যে বিজেপি সরকার। এরপর থেকে বঙ্গবাসী সাক্ষী থেকেছে নানান ঘটনার। এরাবে পূর্ব মেদিনীপুরের এগরায় দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। মহাদেবের কাছে করা পুরনো মানত পূরণ করতে একযোগে মাথা ন্যাড়া করলেন ৫ বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্ব। সোমবার এগরা ১ ব্লকের সাহাড়া অঞ্চলের শিপুর বাজারের বিখ্যাত কেশবেশ্বর জিউ শিবের মন্দিরে এই ‘গণমুণ্ডন’ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। মাথা মুড়িয়ে মন্দিরে পূজাও দেন তাঁরা। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়।
স্থানীয় বিজেপি কর্মীদের দাবী, বিগত সরকারের আমলে তাঁদের ওপর রাজনৈতিক প্রতিহিংসাবশত একাধিক মিথ্যে মামলা ও চরম হেনস্থা করা হয়েছিল।সেই কঠিন সময়ে তাঁরা কেশবেশ্বর জিউ মন্দিরে মানত করেছিলেন রাজ্যে যেদিন তৃণমূল সরকারের পতন ঘটবে এবং বিজেপি সরকার গড়বে, সেদিন তাঁরা মহাদেবের চরণে মাথার চুল উৎসর্গ করবেন। সেই মানত পূরণেই এদিন মন্দিরে পুজো দিয়ে একযোগে ৫ জন কর্মী-নেতা মাথা ন্যাড়া করেন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শিপুর বাজার ও মন্দির চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যে ক্ষমতা বদলের পর এই ধরণের অভিনব উদযাপন এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এ প্রসঙ্গে এক বিজেপি কর্মী বলেন, "তৃণমূল জমানায় দিনের পর দিন আমাদের ওপর যে অত্যাচার আর মিথ্যে মামলার বোঝা চাপানো হয়েছিল, আজ তা থেকে মুক্তি মিলেছে। রাজ্যে সুশাসন এসেছে। আমরা মহাদেবের কাছে যে মানত করেছিলাম, আজ তা ভক্তিভরে পূরণ করলাম।"
এই গণমুণ্ডন কর্মসূচি ঘিরে সোমবার শিপুর বাজার ও মন্দির চত্বরে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মিথ্যে মামলা থেকে মুক্তি পেয়ে নিজেদের চুল উৎসর্গ করার বিষয়ে উৎসাহ দিয়েছেন তাঁদের সহযোগীরাও।

No comments:
Post a Comment