ডিজে মামলায় অভিষেককে তৃতীয় নোটিশ! দিতেই হবে হাজিরা, সময়সীমা বেঁধে দিল আদালত - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 8, 2026

ডিজে মামলায় অভিষেককে তৃতীয় নোটিশ! দিতেই হবে হাজিরা, সময়সীমা বেঁধে দিল আদালত


কলকাতা: ডিজে মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। কিন্তু পরপর দু'বার হাজিরা এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ। এবারে ফের তাঁকে নোটিশ পাঠাল তদন্তকারী সংস্থা। বুধবারও তিনি আদালতে না আসায় বিচারকের কাছে কড়া পদক্ষেপের দাবী জানিয়েছে তদন্তকারী সংস্থা। এরপরই এই তৃতীয় নোটিশ পাঠিয়ে অভিষেককে রীতিমতো ডেডলাইন দেওয়া হল।


বুধবার সকাল ১০টায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল অভিষেকের। সিআইডির আধিকারিকরা ঘন্টা দুয়েক অপেক্ষা করলেও এদিন হাজিরা দেননি তৃণমূল সাংসদ। এদিন আদালতে উপস্থিত ছিলেন সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়, সিআইডির তদন্তকারী আধিকারিক এবং কণ্ঠস্বর বিশেষজ্ঞরা। কিন্তু অভিষেক না আসায় অপেক্ষা করেই ফিরে যেতে হয় তাঁদের।


এরপরই সিআইডির পক্ষ থেকে বিচারককে চিঠি দিয়ে জানানো হয়, একাধিকবার তলব করা হলেও সাংসদ হাজির হচ্ছেন না। এতে তদন্ত প্রক্রিয়া বারবার বাধার মুখে পড়ছে। তাই আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আবেদন জানানো হয়। সিআইডির আর্জি মেনেই তৃতীয়বার নোটিশ পাঠানো হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে।


আগামী ১৮ জুলাই কণ্ঠস্বর নমুনা পরীক্ষার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে হাজিরার কথা বলা হয়েছে। একইসঙ্গে আদালতের তরফে কার্যত ডেডলাইন ধরিয়ে দেওয়া হয়েছে সাংসদকে। তৃতীয় সমনে হাজিরা না দিলে আইনি জটিলতায় জড়াতে পারেন অভিষেক, এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এর আগে মঙ্গলবার বিধাননগর আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে স্বস্তি মেলেনি। নিম্ন আদালতের নির্দেশই বহাল রাখে হাইকোর্ট। সেই কারণেই বুধবার আদালতে হাজির হয়ে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই নির্দেশও মানেননি অভিষেক। এরপরেই এদিনের এই পদক্ষেপ তদন্তকারী সংস্থার।

No comments:

Post a Comment

Post Top Ad