নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন গৃহবধূ। সকালে স্থানীয় এক ক্লাব ঘর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। মৃতার নাম রঞ্জিতা রায়, বয়স ২৩ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে বাড়িতে সাত মাসের শিশুকে রেখে টাকা তুলতে ঠাকুর পাঠ সংলগ্ন এলাকায় আসেন ওই বধূ। ধূপগুড়ি মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাপাড়া এলাকার বাসিন্দা তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। কার্যত নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করলেও খোঁজ মেলেনি।
পরিবারের দাবী, ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর তিনি পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলেছিলেন। তারপর থেকেই রঞ্জিতার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন করলে প্রতিবারই মোবাইল বন্ধ রয়েছে দেখা যায়। রাত হয়ে গেলেও ওই বধূর কোনও সন্ধান মেলেনি! এরপর পরিবার থানার দ্বারস্থ হয়। কিন্তু পরিবারের অভিযোগ, সেই সময় থানায় তাঁদের জানানো হয় ২৪ ঘন্টা না পেরোলে নিখোঁজ ডায়েরি নেওয়া হবে না। এরপর তাঁরা বাড়ি ফিরে আসেন।
এরপর আজ বুধবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ক্লাবের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। ক্লাবের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় দেহ। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন? তাঁকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছিল? তিনি কি কোনও অন্য সম্পর্কে জড়িয়েছিলেন? কেন এই পরিণতি? খুন নাকি আত্মহত্যা? সেইসব নিয়ে শুরু হয়েছে চর্চা।
এদিকে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। কী কারণে মৃত্যু, তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment