ওয়ার্ল্ড ডেস্ক, ১৪ জুলাই ২০২৬: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ঘন-ঘন মুড সুইংয়ের জন্য বিশ্ব জুড়ে পরিচিত। নিজের সিদ্ধান্তেই আচমকা পরিবর্তন এনে বিশ্ববাসীকে চমকে দিতে তিনি ওস্তাদ। আর হরমুজ প্রণালী নিয়ে আবারও তিনি ঠিক তাই করেছেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যে ট্রাম্পের গলায় ভিন্ন সুর। তিনি হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা জাহাজের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার, ট্রাম্প আগের সিদ্ধান্তটি বাতিল করে একটি নতুন পদক্ষেপ করেছেন। এখন ট্রাম্প বলছেন, তিনি এই করের পরিবর্তে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ‘ঐতিহাসিক ও বিশাল’ বাণিজ্য চুক্তি করবেন।
ট্রাম্প বলেছেন, এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় ধরণের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করা হবে, যা যুক্তরাষ্ট্রের জন্য অনেক বেশি লাভজনক প্রমাণিত হবে। ট্রাম্প দাবী করেন, এই চুক্তিগুলোর ফলে যুক্তরাষ্ট্রে ‘ব্যাপক বিনিয়োগ’ আসবে এবং লক্ষ লক্ষ নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
ট্রাম্প সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই বড় পরিবর্তনের ঘোষণা দেন। তিনি লিখেছেন, “মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে অত্যন্ত ইতিবাচক ও সফল আলোচনার পর, আমি ২০ শতাংশ মার্কিন শুল্ক প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে, উপসাগরীয় দেশগুলো এখন থেকে যুক্তরাষ্ট্রে বৃহদাকারে বাণিজ্য ও বিনিয়োগ করবে।”
ট্রাম্প আরও দাবী করেছেন যে, এই বিনিয়োগ হবে বিশাল এবং এই চুক্তিগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভবিষ্যতের জন্যও উপকারী প্রমাণিত হবে। ট্রাম্পের মতে, এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্রে ঐতিহাসিক মাত্রায় কারখানা, প্ল্যান্ট এবং নতুন সরঞ্জাম নিয়ে আসবে। এর ফলে আমেরিকান নাগরিকদের জন্য বিপুল সংখ্যক উচ্চ বেতনের চাকরির সুযোগ তৈরি হবে।
এই অবস্থান পরিবর্তনের ঠিক একদিন আগে, সোমবার, ট্রাম্প একটি অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে যাওয়া সমস্ত কার্গোর ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করবে।
ট্রাম্প পোস্ট করেন, "এখন থেকে, যুক্তরাষ্ট্র 'হরমুজ প্রণালীর অভিভাবক' হিসেবে পরিচিত হবে। ফলস্বরূপ এবং ন্যায্যতার খাতিরে, বিশ্বের এই অত্যন্ত সংবেদনশীল অঞ্চলে নিরাপত্তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ২০ শতাংশ প্রতিদান ফি পাবে। এই প্রক্রিয়া অবিলম্বে কার্যকর হবে।"
এর পাশাপাশি ট্রাম্প এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, এই পথটি খোলা রয়েছে এবং ইরানি জাহাজ চলাচল ঠেকাতে আমেরিকা আবারও অবরোধ আরোপ করেছে।


No comments:
Post a Comment