কলকাতা: পেনশনভোগীদের জন্য বড় পদক্ষেপ সরকারের। তাঁদের ৭ বছরের এরিয়ারের টাকা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। জানানো হয়েছে, পেনশনভোগীদের এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এতদিন প্রযুক্তিগত বা অন্যান্য জটিলতার কারণে এই টাকা পাননি, তাঁরা সকলেই এই সুবিধার আওতায় আসছেন। ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনভোগীদের এরিয়ারের টাকা দেবে রাজ্য, যৌথ মঞ্চের সঙ্গে বৈঠকে বসেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে।
২০১৫ সালে ব্যাঙ্কগুলির সম্পূর্ণ কম্পিউটারাইজড বা অনলাইন ব্যবস্থা সুসংহত না থাকার কারণে এই বিপুল পরিমাণ টাকা আটকে যায়। ফলে কয়েক বছর ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন পেনশনভোগীরা। শেষমেশ এই জট কাটল।
শুক্রবার এই বিষয়ে বিজেপি সরকারের সঙ্গে আলোচনায় বসে যৌথ মঞ্চ। আনুমানিক হিসেবের ওপর নির্ভর করে এরিয়ারের ৫০ শতাংশ দেবে রাজ্য, এমনটাই জানানো হয়েছে। আশার খবর এটাই যে, এই মাসেই ৫০ শতাংশ টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের মধ্যে।
রাজ্য সরকারের সঙ্গে যৌথ মঞ্চের বৈঠকে পেনশনভোগীদের এই দীর্ঘদিনের দাবী ও সমস্যার কথা সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হয়। রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ হিসাব নিকাশের জটিলতায় প্রক্রিয়াটি আর আটকে রাখা হবে না। আপাতত একটি আনুমানিক হিসাবের ওপর ভিত্তি করেই বকেয়া এরিয়রের ৫০ শতাংশ টাকা এই মাসের মধ্যেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
সংগ্রামী যৌথ মঞ্চে আহ্বায়ক ভাস্কর ঘোষ এ প্রসঙ্গে বলছেন, 'সকল স্তরের শিক্ষক-শিক্ষিকা সহ, শিক্ষাকর্মীরা, পঞ্চায়েত পুরসভার কর্মীরা, বিভিন্ন বোর্ড কর্পোরেশনে যাঁরা কর্মচারীরা রয়েছেন, এছাড়াও কলকাতা কর্পোরেশন এলাকায় যাঁদের ব্যাঙ্ক, সেখান থেকে যাঁদের পেনশন হয়, কিছুই বকেয়া পাননি। হোমগার্ডদেরও বকেয়া নিয়েও কথা হয়েছে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যা পাওনা, তার প্রাথমিক আনুমানিক একটা হিসেব করে, ৫০ শতাংশ টাকা এই মাসেই মিটিয়ে দেওয়া হবে। বাকিটা হিসেব করে পরে পুরোটাই মিটিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বাজেটে ডিএ নিয়ে সুখবর দিয়েছে রাজ্য সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, রাজ্য সরকারি কর্মী, আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীরা অতিরিক্ত ২০ শতাংশ ডিএ পাবেন। এতে করে মোট ডিএ বেড়ে দাঁড়াবে ৩৮ শতাংশ। নতুন ডিএ কার্যকর হবে চলতি বছরের ১ অক্টোবর থেকে। এর ফলে সরাসরি উপকৃত হবেন লক্ষাধিক সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা।

No comments:
Post a Comment