কলকাতা: রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূলের তারকা সাংসদ কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন। শুধু তাই নয়, সূত্রের খবর, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংগঠনিক শীর্ষ নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেছেন কোয়েল। তবে কি তিনিও পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন? সেই প্রশ্ন উঠছে।
এদিকে কোয়েল মল্লিকের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে দাঁড়াল ৯-এ। এর আগে তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাওয়া তিন প্রতিনিধি সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করেন। সেসময় কোয়েলও নিজের ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেননি উপ রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ। কোয়েলকে তিনি সশরীরে সংসদে দেখা করার নির্দেশ দেন। কোয়েল অবশ্য সঙ্গে সঙ্গে দেখা করেননি। মাঝে তিনি গিয়েছিলেন আমেরিকায়। দেশে ফেরেন সম্প্রতি।এরপর ১৬ জুলাই তাঁর এই ইস্তফা।
পদ ছেড়েই এদিন তিনি দিল্লীতে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ সাংগঠনিক নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেছেন। সেই ছবিও সামনে এসেছে। আর তাতেই জল্পনা, পদত্যাগী বাকি সাংসদদের মতো বিজেপিতে যোগ দেবেন এবং ফের রাজ্যসভায় যাবেন? সে উত্তর অবশ্য সময়ের অপেক্ষা। উল্লেখ্য, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক- বর্তমানে এই তিনজনেই রাজ্যসভায় বিজেপির প্রার্থী হয়ে মনোনয়ন জমা করেছেন।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবারের সঙ্গে কখনও কোনও রাজনৈতিক যোগ ছিল না। ছাব্বিশের বিধানসভায় নির্বাচনের আগে তাঁর বাবা তথা অভিনেতা রঞ্জিত মল্লিকের সঙ্গে দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরই শোনা যায়, রাজ্যসভায় কোয়েল মল্লিককে পাঠাচ্ছে তৃণমূল। সেইমতো ৬ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হন কোয়েল। এরপরই বিধানসভা ভোটের প্রচারে তাঁকে নামতে হয়। গোটা রাজ্য ঘুরে ঘুরে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচার করেছিলেন কোয়েল। তবে, সংসদের একটি অধিবেশনেও যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের তারকা সাংসদকে। আর মাত্র ২ মাসের মধ্যেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল।


No comments:
Post a Comment