নির্বাচন কমিশনের ডাকে দিল্লীতে ঋতব্রতরা, কী বললেন বিরোধী দলনেতা? - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 2, 2026

নির্বাচন কমিশনের ডাকে দিল্লীতে ঋতব্রতরা, কী বললেন বিরোধী দলনেতা?

 


কলকাতা: নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। এর মধ্যে আবার শুরু হয়েছে কারা আসল তৃণমূল, তা নিয়ে লড়াই। তবে, শেষ সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। আর সেই সিদ্ধান্ত জানতেই দিল্লী উড়ে গেলেন ১০ প্রতিনিধি সহ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাংলায় তৃণমূল কংগ্রেস ভেঙে ছারখার। ৬০-এর বেশি বিধায়ক নতুন তৃণমূলে নাম লিখিয়েছেন। আর সেই শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন বিধানসভার স্পিকার। এবার দিল্লীতে ডাক পড়ল সেই ঋতব্রতর। দিল্লীর নির্বাচন কমিশনে দেখা করতে বলা হয়েছে তাঁকে। 


বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বিধানসভায় এক বেনজির পরিস্থিতি তৈরি হয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নতুন ব্লক তৈরি হয়, তারা নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে। এরপরই প্রশ্ন ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুল প্রতীকের অধিকারও কি ছিনিয়ে নেবেন ঋতব্রতরা? এর মধ্যেই সেই আর্জি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে দেখাও করেছেন তাঁরা। কোনও আইনি জটিলতা যাতে তৈরি না হয়, তার জন্য সবদিক বিবেচনা করেই এগোচ্ছেন তাঁরা।


 রাজ্য নির্বাচন কমিশনে দেখা করার পর কর্মসমিতির বৈঠক করেন বিদ্রোহী বিধায়করা। গত ২২ জুন অরূপ রায়কে চেয়ারপার্সন করে নতুন কমিটি তৈরি হয়। ঋতব্রত ছাড়াও সেই কমিটিতে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সন্দীপন সাহা, জাভেদ খানের মতো নেতারা। এরপরই ওই বৈঠকের কথা জানিয়ে কমিশনে একটি চিঠি দেওয়া হয় এই নতুন তৃণমূলের তরফে। তারপরই জাতীয় নির্বাচন কমিশন থেকে ডেকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায় সময় দেওয়া হয়েছে তাঁদের।


এরপর নতুন তৃণমূলের ১০ সদস্য ঋতব্রতের নেতৃত্বে বুধবার বিকেলে দিল্লী পাড়ি দেন। তার আগে ঋতব্রত বলেন, “আমাদের আজকেই জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লীতে দেখা করতে হবে। তাই আমরা যাচ্ছি। নির্বাচন কমিশন কেন ডেকেছে তা প্রকাশ্যে বলা উচিৎ নয়।” সূত্রের খবর, ঋতব্রতদের সঙ্গে কথা বলার পরে জাতীয় নির্বাচন কমিশন মমতার তৃণমূলের প্রতিনিধিদেরও ডেকে পাঠিয়ে তাঁদের বক্তব্য জানতে চাইবে।


এদিন দমদম বিমানবন্দরে ঋতব্রত বলেন, “আসল-নকল জানি না। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রস। ২২ জুন আমাদের বিশেষ সেশন হয় এবং তার ভিত্তিতে আমরা সিইও-কে চিঠি দিয়েছিলাম এবং নির্বাচন কমিশনের কাছে সময় চেয়েছিলাম। তাঁরা সময় দিয়েছেন। কাল বেলা ১২ টায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমাদের সঙ্গে বৈঠকের সময় দিয়েছেন। আমরা ১০ জনের দল যাচ্ছি।” 


তাহলে কী আজ লক্ষ্মীবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে চলেছে দলীয় প্রতীক! সেই আলোচনা বিভিন্ন মহলে।

No comments:

Post a Comment

Post Top Ad