নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের সময় ঘটে গেল বড়সড় অঘটন। বিদ্যুস্পষ্ট হয়ে মৃত্যু হল এক বিজেপি কর্মীর ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে।
জানা গিয়েছে, সোমবার ঘাটাল সংগঠনিক জেলার অন্তর্গত, কেশপুর এক নম্বর মণ্ডল বিজেপির পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম দিবস পালন করা হচ্ছিল। কর্মীরাও একে একে জমা হচ্ছিলেন।চলছিল দলীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি। সেই সময়ের ঘটে মারাত্মক দুর্ঘটনা, বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পড়েন কয়েকজন। তাঁদের মধ্যে মৃত্যু হয় একজনের এবং আহত হয়েছেন ৫ জন। মৃত বিজেপি কর্মীর নাম পাপাই পান, বয়স ২৫ বছর।
ঘটনায় আহত হয়েছেন কেশপুর ১ নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি প্রবীণ হালদার-সহ পাঁচজন। আহতদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে তাঁদের। পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক সেখানেই পাপাইকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় বিজেপি নেতা জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবস উদযাপন করা হচ্ছিল পাঁচখুরি গ্রামে দলীয় কার্যালয়ে। তখন একটি লোহার রডে পতাকা উত্তোলনের সময় রডটি বেঁকে গিয়ে, পার্টি অফিসের সামনে দিয়ে যাওয়া ১১ হাজার ইলেকট্রিকের তারে লেগে যায়। এর ফলে আশেপাশের কয়েকজন শখ খেয়ে ছিটকে পড়েন। এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

No comments:
Post a Comment