কলকাতা: তৃণমূল ছেড়ে বৃহস্পতিবার বিকেলেই বিজেপিতে যোগ দিয়েছেন ৩ জন প্রাক্তন তৃণমূল সাংসদ। আর এই যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই মিলল পুরষ্কার! বৃহস্পতিবার রাতে রাজ্যসভার তিন প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। আর এই তিনজন হলেন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। বৃহস্পতিবার বিকেলে সল্টলেকের বিজেপির সদর দফতরে গিয়ে যোগদানের পর থেকেই তাঁদের রাজ্যসভায় পাঠানো নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। এদিন রাত ৯টা নাগাদ দিল্লীর বিজেপির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল এই তিনজনকেই সংসদের উচ্চকক্ষে প্রার্থী করা হচ্ছে।
ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কার্যত ভেঙে চুরমার। এই আবহেই গত কয়েকদিন আগে রাজ্যসভার তিন সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক ইস্তফা দেন এবং জোড়াফুলও ছাড়েন। সাংসদ হিসেবে সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইকের ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেবের ছিল ২০৩০ সাল পর্যন্ত। তাঁদের আসনগুলি ফাঁকা হওয়ায় এতে উপনির্বাচন হবে আগামী ২৪ জুলাইয়ে। ইতিমধ্যেই সেই ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। আর তাৎপর্যপূর্ণভাবে তিনজনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম-প্রতীকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সল্টলেক বিজেপি অফিসে পদ্ম শিবিরে যোগ দেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন। এদিন এই তিন প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদানের পর শমীক ভট্টাচার্য জানান, বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রেখে এই তিন জন বিজেপিতে যোগ দিচ্ছেন।
বিজেপির রাজ্য সভাপতি বলেন, "মোদীর নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে, তাতে শামিল হতে চেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। আমরা আগেই বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। এঁদের কারও বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। সকলের একটা অতীত থাকে। এখন আর তাঁদের দলত্যাগী বলবেন না। তাঁদের একটাই পরিচয়, সকলে বিজেপি।”


No comments:
Post a Comment