মোদীতেই আস্থা! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, July 9, 2026

মোদীতেই আস্থা! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ


কলকাতা: বিজেপিতে যোগ দিলেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। বৃহস্পতিবার সল্টলেক বিজেপি অফিসে পদ্ম শিবিরে যোগ দিলেন সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেব। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগ দেন।তিন জনই তৃণমূলের প্রতীকে জিতে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। রাজ্যে পালাবদলের পরে তাঁরা রাজ্যসভার সদস্যপদ ছাড়েন। এবার কি তাঁদের রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এই জল্পনা আরও তীব্র হয়ে উঠেছে। এদিন এই তিন প্রাক্তন সাংসদের বিজেপিতে যোগদানের পর শমীক ভট্টাচার্য জানান, বাংলার উন্নতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বিশ্বাস রেখে এই তিন জন বিজেপিতে যোগ দিচ্ছেন।


বিজেপির রাজ্য সভাপতি বলেন, "মোদীর নেতৃত্বে গোটা দেশ এবং পশ্চিমবঙ্গ যে গতিতে এগোচ্ছে, তাতে শামিল হতে চেয়েই তাঁরা তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন। আমরা আগেই বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িত, তাঁদের জন্য বিজেপির দরজা বন্ধ। এঁদের কারও বিরুদ্ধে এমন কোনও অভিযোগ নেই। সকলের একটা অতীত থাকে। এখন আর তাঁদের দলত্যাগী বলবেন না। তাঁদের একটাই পরিচয়, সকলে বিজেপি।”


অন্যদিকে সুখেন্দুশেখর রায়ের মন্তব্য, "আরজি কর আন্দোলনের সময়ে যখন গোটা দেশ রাস্তায় নেমে গিয়েছিল, তখনই তৃণমূলের বুঝে যাওয়া উচিৎ ছিল যে বিপদঘণ্টা বেজে গিয়েছে। বামেরা শিল্পে খরা করে গিয়েছে। তারপর তৃণমূল এসেও কিছু হয়নি। বাম আমল দেখেছি, কংগ্রেস আমলও দেখেছি। এখন বিজেপিকে একবার সুযোগ দেওয়া উচিৎ।”


উল্লেখ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিবসে শ্রদ্ধা জানাতে সোমবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের মন্ত্রীদের সঙ্গে আলিপুরে তাঁর বৈঠক চলাকালীন সুখেন্দুশেখর রায় দেখা করতে যান। সূত্রের খবর, শাহের সঙ্গে আলাদা করে কথাও বলেন প্রাক্তন সাংসদ। সেসময়ই তাঁর দলবদল নিয়ে জল্পনা শুরু হয়। 


এর আগে সুস্মিতা দেবও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করেন দিল্লীতে। তিনি সেইসময়েই জানিয়েছিলেন যে, মানুষের জন্য যেন কাজ করতে পারেন, সেটাই বলতে এসেছিলেন মুখ্যমন্ত্রীকে। ফলত তাঁর পদ্ম-যোগ নিয়ে তখনই জল্পনা তুঙ্গে ওঠে। এছাড়াও প্রকাশ চিক বরাইকের ক্ষেত্রেও একই চিত্র দেখা গিয়েছিল। 


সাংসদ পদ থেকে ইস্তফা ও তৃণমূল ছাড়ার পর প্রকাশ বলেছিলেন, "বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই তা ভোটবাক্সেই বুঝিয়ে দিয়েছে।" এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, 'আগামী দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা নির্দেশ দেবেন, সেইমতো কাজ করব।' আর এখান থেকেই গুঞ্জন প্রকাশ এবারে বিজেপিতে যোগ দিতে পারেন। আর বৃহস্পতিবার সেইসব গুঞ্জন-জল্পনা সত্যি করে পদ্ম শিবিরেই যোগ দিলেন এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদরা। 


এদিকে গতমাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে আগামী ২৪ জুলাই। সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ, বিধায়ক সংখ্যা এবং জোড়াফুল শিবিরে ভাঙনের জেরে ঘাসফুল শিবির প্রার্থীই দিতে পারবে না। সেই ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল করার কথা। এবারে বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে যখন সরগরম রাজনৈতিক মহল, ঠিক সেই সময়েই সুখেন্দু শেখর, প্রকাশ ও সুস্মিতার বিজেপিতে যোগদান।

No comments:

Post a Comment

Post Top Ad