নিম্নচাপ-ভরা কোটালের জোড়া ফলা! উত্তাল সমুদ্র, দীঘা-মন্দারমণিতে কড়া সতর্কতা - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, July 29, 2026

নিম্নচাপ-ভরা কোটালের জোড়া ফলা! উত্তাল সমুদ্র, দীঘা-মন্দারমণিতে কড়া সতর্কতা

 


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: একে তো নিম্নচাপ, অপরদিকে পূর্ণিমার ভরা কোটাল। জোড়া ফলায় উত্তাল হয়ে উঠেছে দীঘা-মন্দারমণির সমুদ্র। বুধবার সকাল থেকেই ফুলেফেঁপে উঠছে সমুদ্রের জল। এমতাবস্থায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। 


বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে নিচু এলাকাগুলিতে। নিম্নচাপ থাকার কারণে দীঘা, তাজপুর ও মন্দারমনিতেও সমুদ্র উত্তাল সকাল থেকেই। মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করছেন নুলিয়ারা। পর্যটকরা যাতে না নামেন সেই জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দমকা হওয়ার চোটে সমুদ্রের ধারের গার্ড ওয়াল উল্টে পড়েছে বলেও জানা গিয়েছে। সমুদ্র তটে বিভিন্ন ঘাটে দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনও পর্যটক সমুদ্রে না নামতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র উপকূলে অতিরিক্ত পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের মোতায়েন করা হয়েছে।


জেলা পুলিশ সুপার অংশুমান সাহা জানিয়েছেন, যেসব মাছ ধরার ট্রলার এখনও গভীর সমুদ্রে রয়েছে, তাদের দ্রুত তীরে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন মৎস্যবন্দরে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।


প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের অযথা সমুদ্রের ধারে ভিড় না করতে বলা হয়েছে। সতর্কতা মেনে চলার আবেদন জানানো হয়েছে তাঁদের। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমুদ্রে নামা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন।

No comments:

Post a Comment

Post Top Ad