কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন সংক্রান্ত মামলায় গভীর সঙ্কটে তৃণমূল কংগ্রেস।আর্থিক অনিমের অভিযোগ। মঙ্গলবার দিনভর রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের হাতে বিস্ফোরক তথ্য। ইডি সূত্রের দাবী, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় ১৬০ কোটি সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ওই টাকা গিয়েছে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ নামক একটি সংস্থা ও তাদের সহযোগী বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে। এই 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন’ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ ভিআইপিদের বিমানভাড়া দেয়।
ইডি সূত্র বলছে, ওই সংস্থাকেই তৃণমূলের দলীয় তহবিল থেকে প্রায় ১৬০ কোটি টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে সংস্থাটি একটি বিমান এবং একটি অগুস্টার হেলিকপ্টার কেনে। মজার কথা হল, ওই বিমান এবং হেলিকপ্টারটি অভিষেক-সহ তৃণমূল নেতদের ভাড়াও দেওয়া হত। অর্থাৎ তৃণমূলের টাকায় কেনা হেলিকপ্টার আবার তৃণমূলকেই ভাড়া দিত ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশন’। এতে করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ওই সংস্থার মাধ্যমে কি তৃণমূলের নিজস্ব তহবিলের টাকা নয়ছয় হয়েছে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমানের ভাড়া বাবদ কোথায়, কাদের সঙ্গে, কত টাকা তৃণমূল কংগ্রেসের লেনদেন হয়েছে, সেই তথ্য জানতে মঙ্গলবার সকালে সেন্ট্রাল অ্যাভিনিউ, রাজারহাট-নিউটাউন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়েছে ইডির একাধিক দল। এর মধ্যে ‘কেয়ারওয়েল অ্যাভিয়েশনে’র অভিষেক ঘনিষ্ঠ মালিকের অফিস ও বাড়িও রয়েছে। সূত্রের খবর, ওই ব্যবসায়ীর সংস্থা থেকে অভিষেকের বিমানভাড়া আসত। তৃণমূলের নিজস্ব তহবিলের সঙ্গে এর কী যোগ, তা খুঁজে বের করত তৎপর ইডি।
ইডি সূত্রে খবর, ওই সংস্থার সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং আর্থিক নথিপত্রও খতিয়ে দেখা হয়েছে।তদন্তকারী সংস্থার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চার্টার্ড বিমান ব্যবহারের খরচ কীভাবে মেটানো হতো, সেই অর্থ কোথা থেকে আসত এবং দলীয় তহবিলের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিমান ভাড়ার জন্য কত টাকা দেওয়া হয়েছে, কতদিন বিমান ব্যবহার করা হয়েছে এবং সেই সংক্রান্ত সমস্ত আর্থিক নথি সংগ্রহ করেছে ইডি। উল্লেখ্য, সম্প্রতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন, ওই চার্টার্ড বিমানের ভাড়া আসত কাটমানি বা তোলাবাজির অর্থ দিয়ে।
এদিন কেয়ারওয়েল অ্যাভিয়েশনের কর্ণধার ও আরও কয়েকজনকে জেরা করা হয়। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে ইডি আধিকারিকরা জেরা করেন। তারপরই ওই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে।
আর শুধু বিমান ভাড়ার লেনদেনই নয়, তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্টে কোন কোন উৎস থেকে অর্থ এসেছে, সেই তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ইডির তদন্তে শিক্ষা দুর্নীতি এবং রেশন দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত কোনও অর্থ দলীয় তহবিলে জমা পড়েছিল কি না, তাও অনুসন্ধান করা হচ্ছে বলে সূত্রের দাবী।

No comments:
Post a Comment