কলকাতা: উত্তরবঙ্গে কয়েকদিন খেলা দেখিয়ে দক্ষিণবঙ্গে শুরু বর্ষার ইনিংস। এরই মাঝে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হল নিম্নচাপ। এক থেকে দুদিনের মধ্যে সাগরের ওপর ঘনীভূত হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে বলে খবর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন সন্ধ্যার পর থেকেই শুরু হতে পারে তুমুল ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সন্ধ্যার পর ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার এবং উপকূলবর্তী জেলাগুলিতে ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে।
শনিবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় জারি হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে আগামী ৭ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গে তেমন দুর্যোগের পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। তবে শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি দুই দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি হতে পারে।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলের উপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকার ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী এক-দু'দিনের মধ্যে এই নিম্নচাপটি আরও শক্তিশালী বা ঘনীভূত হওয় সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা।

No comments:
Post a Comment