তৃণমূল ছেড়ে বেরিয়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। এর আগে ৮ জুনও এই সাংসদদের সঙ্গে দিল্লিতে একটি বৈঠক হয়েছিল, যেখানে তাঁদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হয়।
বর্তমানে কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ এই সাংসদদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত। তাঁরা তৃণমূলে নেই, আবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতেও যোগ দেননি। ফলে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েই রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত তাঁদের সিটিজেনস পার্টির সঙ্গেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের প্রতীক সংক্রান্ত যে আবেদন করা হয়েছে, তার ফলাফলের দিকেও নজর রাখা হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে পরবর্তী রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
এদিকে তৃণমূলের ভাঙন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চললেও, বিজেপির একাংশের মতে, প্রতীক সংক্রান্ত জটিলতা মিটে গেলে এই সাংসদদের ভবিষ্যৎ নিয়ে আইনি বা সাংগঠনিক বাধা অনেকটাই কমে আসতে পারে।
বৈঠকে আরও জানানো হয়েছে, আপাতত এই সাংসদদের রাজ্য রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে। চলতি মাসের ১৮ বা ১৯ আগস্ট নবান্নে তাঁদের নিয়ে আরেকটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে স্থানীয় বিজেপি বিধায়কদেরও উপস্থিত থাকার কথা, যাতে ভবিষ্যতে সমন্বয় রেখে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করা যায়।
এছাড়াও, বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সাংসদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনে তাঁদের জন্য অতিরিক্ত নিরাপত্তা এবং পুলিশ এসকর্টের ব্যবস্থাও করা হতে পারে বলে সূত্রের দাবি।

No comments:
Post a Comment