সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, August 4, 2026

সরকারি হাসপাতালে রোগীদের খাবারে বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, খারিজ সিঙ্গেল বেঞ্চের নির্দেশ


কলকাতা: সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য উন্নতমানের খাবার চালু করার ক্ষেত্রে বড় স্বস্তি পেল রাজ্য সরকার। হাসপাতালের খাবারের বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ খারিজ করে দিয়েছে। ফলে নতুন ডায়েট চার্ট কার্যকর করতে আর কোনও আইনি বাধা রইল না। মঙ্গলবার মামলার শুনানির পর বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি অজয় গুপ্তর ডিভিশন বেঞ্চ, বিচারপতি কৃষ্ণা রাওয়ের পূর্ববর্তী নির্দেশ বাতিল করে দেয়।


রাজ্য সরকার সম্প্রতি সরকারি হাসপাতালগুলিতে রোগীদের জন্য খাবারের মান উন্নত করার সিদ্ধান্তে মাথাপিছু খাবারের বরাদ্দ ৫৭ থেকে বাড়িয়ে ১১২ টাকা করার ঘোষণা করে। সেইমতো নতুন দরপত্র তথা রেট চার্টও প্রকাশ করা হয়। সরকারি হাসপাতালগুলিতে রান্না করা খাবার সরবরাহ নিয়ে গত ২৩ জুলাই বিজ্ঞপ্তি জারি হয়। তবে, রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এক সরবরাহকারী সংস্থা হাইকোর্টে মামলা করেন। দাবী ছিল, মাথাপিছু খাবারের বরাদ্দ সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই বিচারাধীন থাকায় নতুন করে মূল্য নির্ধারণ করা যায় না। সেই যুক্তিতে বিচারপতি কৃষ্ণা রাও নতুন ডায়েট চার্টের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিলেন।


এরপর রাজ্য সরকার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আপিল করে। শুনানির সময় বিচারপতি শম্পা সরকার মূল্যসূচক বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তোলেন, মূল্যবৃদ্ধির বাস্তব পরিস্থিতিতে যদি সরকার নতুন সিদ্ধান্তই কার্যকর করতে না পারে, তবে প্রশাসনিক কাজ কীভাবে চলবে? শুনানিতে বিচারপতির পর্যবেক্ষণ, গত কয়েক বছরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই পরিস্থিতিতে জনস্বার্থে সরকার যদি খাবারের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে শুধুমাত্র আইনি জটিলতার কারণে তা আটকে রাখা যুক্তিযুক্ত নয়। এরপর সবদিক বিবেচনা করে সিঙ্গল বেঞ্চের স্থগিতাদেশ বাতিল করে দেয় ডিভিশন বেঞ্চ। ফলত, ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা থাকা নতুন ডায়েট চার্ট বাস্তবায়নের ক্ষেত্রে আর কোনও আইনি বাধা থাকল না।


মামলার বিষয়ে আইনজীবী অদিত্য মণ্ডল বলেন, "বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশে রাজ্য সরকারের নতুন ডায়েট চার্ট ২০ আগস্ট পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে আপিল করে। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বাতিল করেছে ডিভিশন বেঞ্চ এবং আজ থেকেই নতুন ডায়েট চার্ট কার্যকর থাকবে। সেই অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে নতুন বরাদ্দ অনুযায়ী রোগীদের খাবার সরবরাহ করা হবে।"


উল্লেখ্য, সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের রান্না করা খাবার সরবরাহের টেন্ডারকে ঘিরে ছিল এই মামলাটি। একটি সংস্থার অভিযোগ, গত ১০ এপ্রিল হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রথমে একটি 'বোর্ড বেসড কমিটি' গঠন করে খাবারের মূল্য নির্ধারণ করার কথা ছিল। সেই কমিটি রিপোর্টের ভিত্তিতেই নতুন টেন্ডার জারি করে। সেই টেন্ডার নিয়েই শুরু হওয়া আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হল রাজ্য সরকার।

No comments:

Post a Comment

Post Top Ad