ন্যাশনাল ডেস্ক, ১০ আগস্ট ২০২৬: প্রকৃতির রুদ্ররূপে বিপর্যয় উত্তরাখণ্ডের চামোলি জেলায়। সোমবার ভারত-চীন সীমান্তের কাছে লতা গ্রামের অদূরে আচমকাই মেঘভাঙা বৃষ্টিতে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)-এর একটি সেতু ভেসে গেছে। লোহার এই সেতুটি ভারত-চীন সীমান্ত সংযোগকারী নীতি মোটর মার্গে অবস্থিত ছিল। প্রবল স্রোতে ভেসে যাওয়া সেতুটি মাত্র এক মাস আগে নীতি উপত্যকার নমক নালার উপর নির্মিত হয়েছিল। এই ধসের ফলে নীতি উপত্যকায় যান চলাচল ব্যাহত হয়েছে।
সেতুর কাছে পার্ক করা একটি বিআরও জিপ ভেসে গেছে এবং একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। জোশীমঠের ১২টিরও বেশি সীমান্ত গ্রামের সঙ্গে সদর দপ্তরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নদীর কাছের লোকজন এই ভয়াবহ দৃশ্য ক্যামেরায় ধারণ করেছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, প্রবল স্রোতের মুখে একটি বিশাল লোহার সেতু খড়কুটোর মতো ভেসে যাচ্ছে। ভিডিওতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য যানবাহনও দেখা যায়, নদীর আশেপাশে রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়। এই সময়ে, সেখানে উপস্থিত লোকজন নদীর কাছে থাকা লোকদের সতর্ক করে দেন এবং নদী থেকে দূরে থাকতে বলেন।
খবর পেয়ে জেলা প্রশাসন স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘটনাস্থলে এসডিআরএফ ও এনডিআরএফ দল পাঠায়। প্রশাসন জনগণকে নদী, খাল ও গিরিখাতের তীরবর্তী এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ করেছে।
স্থানীয়দের কথানুযায়ী, একই এলাকায় তিনবার মেঘভাঙা বৃষ্টিপাত হয়েছে। এতে সেতুটি ভেসে যাওয়ায় গ্রামবাসীদের চলাচল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হয়েছে।
উল্লেখ্য, একদিন আগেই (রবিবার) আবহাওয়া দফতর দেরাদুন সহ চারটি জেলায় সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য 'কমলা অ্যালার্ট' এবং বাকি জেলাগুলির জন্য 'হলুদ সতর্কতা' জারি করেছে। আবহাওয়া দফতর জানিয়েছে যে দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল এবং চম্পাওয়াত জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির বিচ্ছিন্ন কিছু স্থানে বজ্রপাত এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে।


No comments:
Post a Comment