ন্যাশনাল ডেস্ক, ১০ আগস্ট ২০২৬: বন্দে মাতরম নিয়ে আবারও বিতর্ক দানা বাঁধছে। কেরালায় এই গানের কেবল দুটি স্তবক গাওয়া নিয়ে বিতর্ক চলছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে. মুরলীধরন এবং কংগ্রেস সাংসদ রাজমোহন উন্নীথান রবিবার জানিয়েছেন যে, সরকারি অনুষ্ঠানে জাতীয় গীত 'বন্দে মাতরম'-এর কেবল প্রথম দুটি স্তবক গাওয়া হবে।
কেরালাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুরালিধরন বলেন, "বরাবরের মতোই কেরালাতে জাতীয় গীতের কেবল প্রথম দুটি স্তবক গাওয়া হবে। আগেও রাজ্য সরকারের সমস্ত অনুষ্ঠানে কেবল প্রথম দুটি স্তবক গাওয়া হতো এবং এই ঐতিহ্য অব্যাহত থাকবে।"
রাজমোহন উন্নিথান জানান যে, "এই জীবনে কেরালাতে বন্দে মাতরম সম্পূর্ণভাবে গাওয়া হবে না।" একটি টিভি চ্যানেলকে তিনি বলেন, "যদিও তিনি মুখ্যসচিবের জাতীয় গীত সম্পূর্ণভাবে গাওয়ার নির্দেশ সম্পর্কে অবগত ছিলেন না, কিন্তু এটা সম্পূর্ণ গাওয়া হবে না, যদিও নরেন্দ্র মোদী আমাদের গুলি করার হুমকিই দিন না কেন এটি যেভাবে গাওয়া হয়েছে সেভাবেই গাওয়া হবে। এর বেশি কিছু গাওয়া হবে না।"
রাজমোহন উন্নীথান এবং কে. মুরলীধরন দুজনেই কেরালার মুখ্য সচিব বিশ্বনাথ সিনহার ৬ই আগস্ট তারিখের একটি চিঠির জবাবে এই কথাগুলো বলেন। ওই চিঠিতে বলা হয়েছে যে, ২০২২ সালে 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসেবে শুরু হওয়া এই অভিযানের ২০২৬ সালের সংস্করণটিকে জাতীয় গীত 'বন্দে মাতরম'-এর ১৫০তম বার্ষিকীর দেশব্যাপী উদযাপনের তৃতীয় পর্বের সঙ্গে মেলানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে জাতীয় বাস্তবায়ন কমিটি এই সিদ্ধান্তটি অনুমোদন করেছে।
চিঠি অনুসারে, এই সময়ের সমস্ত ফিজিক্যাল কার্যক্রমে 'বন্দে মাতরম' গান গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন বা প্রদর্শন করা সামিল হবে। ডিজিটাল অংশগ্রহণ হবে 'হর ঘর তিরঙ্গা' পোর্টালের মাধ্যমে, যেখানে নাগরিকরা ত্রিরঙ্গা পতাকার সঙ্গে নিজেদের সেলফি আপলোড করতে পারবেন। এই বছর ৯ থেকে ১৭ই আগস্ট পর্যন্ত চলতে থাকা 'হর ঘর তিরঙ্গা' অভিযান সংক্রান্ত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের একটি বার্তার পর এই চিঠিটি জারি করা হয়। এতে আরও বলা হয়েছে যে, 'বন্দে মাতরম' গাওয়া সংক্রান্ত ভারত সরকারের নির্দেশনা সম্পূর্ণরূপে অনুসরণ করা হবে।

No comments:
Post a Comment