কলকাতা: স্বাধীনতা দিবসের প্রাক্কালে এক বিশেষ পদযাত্রা তথা ওয়াকথনের ডাক দিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। ১৪ অগাস্ট রাত ৯টায় বালিগঞ্জ শিক্ষাসদন থেকে গোলপার্ক পর্যন্ত হবে এই পদযাত্রা বা মিছিল। আবার সেখান থেকে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে এটি শেষ হবে। শহরের মহিলাদের এই পদযাত্রায় পা মেলাতে আহ্বান জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা।
মন্ত্রী জানান, নারী নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার অধিকার এবং রাতের শহরে মহিলাদের উপস্থিতির বার্তা দিতেই এই কর্মসূচি। ১৪ অগাস্ট রাতে ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মহিলাদের মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলাদের অধিকার ও নিরাপত্তা নিয়ে সুর চড়ান পুরমন্ত্রী। বহু সময় ধরে মহিলাদের পোশাক, বেরোনোর সময় কিংবা জীবনযাত্রার ওপর যে সামাজিক বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চলে, তার তীব্র প্রতিবাদ জানান তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, 'কে বলে দেবে কখন বেরোব, কখন ঢুকব, কী পরব? এসব আমরা শুনতে পারব না। মহিলাদের সুরক্ষা ও ভীতিহীন পরিবেশ দেওয়া সরকারের দায়িত্ব।' অতীতে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে মহিলাদের পোশাক বা চরিত্র নিয়ে প্রশ্ন তোলার মানসিকতাকেও কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি। পাশাপাশি প্রাক্তন রাজ্য সরকারকেও নিশানা করেছেন তিনি।
তিনি বলেন, “এটা আমাদের নিজস্ব স্বাধীনতার জন্য মিছিল। আগের সরকারের সময় আমরা প্রায়ই দেখতাম, ছ'মাস কিংবা আট বছরের শিশুর ধর্ষণ হলেও সেটাকে মেয়েদের দোষ বলা হত। মেয়েদের চরিত্রের দোষ, পোশাকের দোষ দেওয়া হত। রাত ৯টায় কেন বাড়ির বাইরে বেরিয়েছে, রাত ৮টায় কেন বেরিয়েছে, এসবও শুনতে হয়েছে। এগুলো আর আমরা শুনতে পারব না। কেউ আমাদের বলে দিতে পারে না আমরা ক'টার সময় বাইরে বেরোেব, কী পরব, কী খাব। এগুলো আর শুনব না। সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের।”
বালিগঞ্জ শিক্ষাসদন স্কুলের সামনে ১৪ অগাস্ট রাত ৯টায় জমায়েত হবে। অগ্নিমিত্রার নেতৃত্বে মিছিল শুরু হবে এবং তা চলবে গোলপার্ক পর্যন্ত। আবার, সেখান থেকে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে মিছিল শেষ হবে। অগ্নিমিত্রা পাল বলেন,‘১৪ তারিখ রাতে সমস্ত মা-বোনেরা আসুন। বালিগঞ্জ শিক্ষাসদনের সামনে রাত ৯টায় আমরা জড়ো হব। ব্রিজের ওপর দিয়ে গোলপার্ক পর্যন্ত যাব, সেখান থেকে আবার ব্রিজের নীচ দিয়ে বালিগঞ্জ শিক্ষাসদনে ফিরে আসব।’ স্কুলপড়ুয়া থেকে শুরু করে সংবাদকর্মী, সকল মহিলাকে মিছিলে যোগ দিতে বলেছেন তিনি। সঙ্গে পুলিশকেও নির্দেশ দিয়েছেন, সম্পূর্ণ নিরাপত্তা দিতে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। তার প্রতিবাদে পথে নেমেছিল গোটা রাজ্য। কলকাতায় স্বাধীনতা দিবসের আগের রাতে অর্থাৎ ১৪ আগস্ট মেয়েদের রাতদখল কর্মসূচির আয়োজন করা হয়েছিল। আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে বহু মানুষ রাতের এই মিছিলে হেঁটেছিলেন। দু'বছর পর ১৪ আগস্ট ফের রাতে মেয়েদের মিছিলে ডাকলেন অগ্নিমিত্রা।

No comments:
Post a Comment