গ্ৰেফতার নির্মল ঘোষ, ওড়িশা থেকে পাকড়াও পানিহাটির প্রাক্তন বিধায়ক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, August 13, 2026

গ্ৰেফতার নির্মল ঘোষ, ওড়িশা থেকে পাকড়াও পানিহাটির প্রাক্তন বিধায়ক

 


কলকাতা: গ্ৰেফতার নির্মল ঘোষ। ওড়িশা থেকে পাকড়াও পানিহাটির প্রাক্তন বিধায়ক।‌ আরজি কর কাণ্ডে সম্প্রতি নতুন করে এফআইআর দায়ের হয়। অভয়ার বাবার অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআর-এ নাম ছিল নির্মল ঘোষের। অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল পানিহাটির প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে।


উল্লেখ্য, গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করা হয়েছিল। ভোট পরবর্তী হিংসা ও লটারি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এবারে পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক। রাজ্যে আরজি কর মামলার ফাইল খোলার পর এটাই প্রথম গ্রেফতার।


অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল নির্মল ঘোষের বিরুদ্ধে। এই অভিযোগে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা যায় নির্মলের নাম। আর তার কিছুদিনের মধ্যেই নির্মল ঘোষকে গ্ৰেফতার করল পুলিশ।


গত ৯ আগস্ট পানিহাটিতে তিলোত্তমার স্মরণে এক অনুষ্ঠানে গিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, আরজি করের তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি দাহ নিয়ে নতুন করে তদন্তের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নতুন এফআইআর দায়ের হয়। তাতে অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং জোরপূর্বক কাজ করানোর মতো অভিযোগ আনা হয়। নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের নামে মামলা রুজু করে ব্যারাকপুর কমিশনারেট। সেই মামলাতেই বৃহস্পতিবার গ্ৰেফতার হলেন নির্মল ঘোষ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে নির্মলকে গ্রেফতার করা হয়েছে। অনেকদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। দু'একবার নির্মলকে দেখা গেলেও তাঁকে ধরা যাচ্ছিল না। অবশেষে পুলিশের জালে প্রাক্তন বিধায়ক। এ নিয়ে যদিও এখনও পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।








No comments:

Post a Comment

Post Top Ad