নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বরানগরে বিটি রোডে। ঘটনায় গুরুতর আহত হন পড়ুয়াদের বাবা। আশঙ্কা জনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, বরানগর মল্লিক কলোনির কাছে বিটি রোডের ওপর একটি লরি ধাক্কা মারে স্কুটিতে। স্কুটি থেকে ছিটকে পড়েই দুই স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখা ছিল। স্কুটারটি সেই স্টোনচিপস এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে ধাক্কা খায়। এর জেরে স্কুটার থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শিশুর।
প্রত্যক্ষদর্শীদের দাবী, মৃত দুই পড়ুয়ার মাথায় হেলমেট ছিল না, বলে জানা গিয়েছে। রাস্তার ধারে প্রোমোটারদের নির্ভর কাছে পাথর রাখার জন্যই এই দুর্ঘটনা, বলে দাবী। জানা গিয়েছে, মৃত ছাত্রদের নাম আরাধ্য সাউ (৯) ও আরভ সাউ (৬)। তাঁদের বাবার নাম অভিষেক সাউ।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বরানগর থানার পুলিশ। তাঁরা দুই পড়ুয়ার দেহ উদ্ধার করে। আহত বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাস্তার ধারে স্টোনচিপস ফেলে রাখার বিষয়টি দুর্ঘটনার অন্যতম কারণ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

No comments:
Post a Comment