ন্যাশনাল ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: প্রথমে মহিলাকে গণধর্ষণ, এরপর তাঁর সঙ্গে ভয়াবহ নৃশংসতা। ঘটনা বিহারের বেগুসরাই জেলার চকিয়া থানা এলাকার একটি গ্রামের। প্রায় চার মাস আগে ওই মহিলাকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছিল কয়েকজনের বিরুদ্ধে। সেই সময় নির্যাতিতার ওপর পাশবিক অত্যাচার চালানোর পাশাপাশি তাঁর শরীরে কার্তুজ ও কাঠের টুকরো ঢুকিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার গভীর রাতে ফের আক্রান্ত হলেন ওই মহিলা। অভিযোগ, সোমবার রাত প্রায় ১২টা নাগাদ দুই দুষ্কৃতী জোর করে তাঁকে ছাদে নিয়ে গিয়ে নীচে ফেলে দেয়। বর্তমানে বেগুসরাই সদর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
নির্যাতিতা জানিয়েছেন, গ্রামেরই দুই দুষ্কৃতী মোবাইলে ফোন করে তাঁকে ডেকে পাঠায়। তিনি দরজা খুলতেই তাঁর হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া হয়। এরপর জোর করে তাঁকে তুলে ছাদে নিয়ে যায় অভিযুক্তরা। সেখানে চুলের মুঠি ধরে মারধর করার পর ছাদ থেকে নীচে ফেলে দেওয়া হয়। নীচে রাখা একটি বড় ট্রাঙ্কের ওপর পড়ে কোমরে গুরুতর চোট পেয়েছেন বলে জানিয়েছেন তিনি। নির্যাতিতার দাবী, ওই দুই দুষ্কৃতীর সঙ্গে তাঁর কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। তাঁর সন্দেহ, চার মাস আগে গণধর্ষণের ঘটনায় যাঁরা অভিযুক্ত হয়ে বর্তমানে জেলে রয়েছেন, তাঁরাই এই হামলার পিছনে রয়েছেন।
চকিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম কুমার জানিয়েছেন, ঘটনার পর অভিযুক্ত দুষ্কৃতী ঘোংঘল নিষাদকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, চার মাস আগে মহিলার ওপর গণধর্ষণের ঘটনার পর গ্রামেরই রামু মাহাতো ও নীতীশ মাহাতোকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছিল চকিয়া থানার পুলিশ। অন্য এক অভিযুক্ত সূরজ মাহাতো এখনও পলাতক। তার বাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি তার মাথার দামও ঘোষণা করেছে পুলিশ।
অন্যদিকে, রোহতাস জেলার ডেহরিতে পথ হারিয়ে ফেলা এক নাবালিকা স্কুলছাত্রীকে পিসির বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোচালক ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, ওই ছাত্রী রোহতাস ব্লকে অবস্থিত তার পিসির বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে একদিন ঘুরতে বেরিয়ে পথ হারিয়ে ফেলে সে। রাস্তায় উপস্থিত কয়েকজন মহিলা তার কাছে বিষয়টি জানতে চাইলে ছাত্রীটি পথ ভুলে যাওয়ার কথা জানায়। এরপর ওই মহিলারা এক অটোচালককে ভাড়া দিয়ে তাকে পিসির বাড়িতে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন।
অভিযোগ, অটোচালক তাকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে নিজের দুই সঙ্গীকে নিয়ে বারুণে চলে যায়। সেখানেই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে পালানোর চেষ্টা করছিল চালক। সেই সময় পরিবারের সদস্যরা তাকে ধরে ফেলেন। পরে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে।

No comments:
Post a Comment