লাইফস্টাইল ডেস্ক, ১১ নভেম্বর ২০২৬: বর্তমান সময়ে মোবাইল ফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাদিনই কোনও না কোনও কারণে ফোনে মেসেজ, সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য বিষয় দেখতে ব্যস্ত থাকেন অনেকে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও বারবার স্ক্রিনের দিকে চোখ চলে যায়। অথচ অনেক সময় কোনও নতুন নোটিফিকেশনও আসে না। প্রথমদিকে বিষয়টিকে সাধারণ অভ্যাস বলে মনে হলেও ধীরে ধীরে এর প্রভাব পড়তে পারে কাজকর্ম ও পড়াশোনায়। মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে ওঠে। এমনকি কিছু মানুষের কাছে ফোন না থাকলেও অস্থিরতা অনুভূত হয়। তাই বারবার ফোন চেক করার এই অভ্যাস কীভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করছে, তা বোঝা জরুরি।
মনোযোগ ও কাজ করার ক্ষমতার ওপর পড়ে প্রভাব-
বারবার ফোন চেক করার অভ্যাস সরাসরি আমাদের মনোযোগের ওপর প্রভাব ফেলে। পড়াশোনা কিংবা কোনও জরুরি কাজ করার মাঝখানে ফোন দেখতে শুরু করলে মনোযোগে ব্যাঘাত ঘটে। এরপর আবার আগের কাজে মন বসাতে বেশ কিছুটা সময় লাগে। ফলে কাজ শেষ হতে দেরি হয় এবং ভুল হওয়ার আশঙ্কাও বেড়ে যায়। অনেক সময় কোনও বিশেষ কারণ ছাড়াই মানুষ ফোন খুলে সোশ্যাল মিডিয়া দেখতে শুরু করেন। এভাবে কখন যে অনেকটা সময় কেটে যায়, তা বোঝাও কঠিন হয়ে পড়ে। ফোনে বারবার নতুন কিছু দেখার আগ্রহ এই অভ্যাসকে আরও বাড়িয়ে তোলে।
আপনার সঙ্গেও যদি এমনটা ঘটে, তাহলে পড়াশোনা কিংবা কাজের সময় ফোনটি নিজের থেকে কিছুটা দূরে রাখুন। এতে বারবার ফোনের স্ক্রিন দেখার ইচ্ছা কমাতে সাহায্য হবে।
মানসিক চাপ ও ঘুমের ওপর পড়ে প্রভাব-
অনেকের মধ্যেই সবসময় একটা চিন্তা কাজ করে যে, কোনও জরুরি মেসেজ কিংবা গুরুত্বপূর্ণ তথ্য অজান্তেই মিস হয়ে গেল না তো! এই আশঙ্কা থেকেই ফোনে কোনও শব্দ না হলেও বারবার স্ক্রিন চেক করতে থাকেন তাঁরা। ফোন কাছে না থাকলে যদি অস্থিরতা অনুভব হয় কিংবা বারবার ফোন দেখার ইচ্ছা জাগে, তাহলে নিজের ফোন ব্যবহারের অভ্যাস সম্পর্কে সচেতন হওয়া জরুরি।
এই অভ্যাসের প্রভাব পড়ে ঘুমের ওপরেও। অনেকেই রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন চেক করেন। এরপর সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। ফলে ঘুমের সময়ের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়। এতে করে পরের দিন ক্লান্তি ও বিরক্তি অনুভূত হতে পারে।
কীভাবে কমাবেন বারবার ফোন চেক করার অভ্যাস?
এই অভ্যাস কমাতে প্রথমেই খেয়াল করুন, দিনে কতবার এবং কী কারণে আপনি ফোন চেক করছেন। অপ্রয়োজনীয় অ্যাপগুলির নোটিফিকেশন বন্ধ করে দিন। এতে বারবার ফোন দেখার প্রবণতা কমতে পারে।
পড়াশোনা কিংবা কাজের সময় ফোনটি ব্যাগে অথবা ড্রয়ারে রেখে দিতে পারেন। এতে জরুরি কাজের ওপর মনোযোগ ধরে রাখা সহজ হবে।
এছাড়াও ফোন ব্যবহারের জন্য দিনের নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নিন। অবসর সময়ে ফোনের পরিবর্তে হাঁটাহাঁটি করা, বই পড়া কিংবা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মতো অভ্যাস গড়ে তুলুন।
রাতে ঘুমোতে যাওয়ার আগে ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন। চেষ্টা করুন ফোনটি বিছানা থেকে কিছুটা দূরে রাখতে। প্রথমদিকে এই অভ্যাসগুলি রপ্ত করা কঠিন মনে হলেও ধীরে ধীরে সচেতনভাবে চেষ্টা করলে মোবাইল ব্যবহারের সময় অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

No comments:
Post a Comment