নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: আক্রান্ত প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর মূর্তি। তাঁর সুবিশাল মূর্তি ক্রেন দিয়ে তুলে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ। ক্ষোভে ফেটে পড়ল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে দুষ্কর্মের অভিযোগ তুলে সরব কংগ্রেস। ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে বড় আন্দোলনের হুঁশিয়ারি। কংগ্রেসের এই অভিযোগ যদিও গুরুত্ব দিতে নারাজ স্থানীয় বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবী, কংগ্রেসের একটি গোষ্ঠী 'চোরা' তৃণমূল করছে, তারাই মূর্তি ভেঙেছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই। তিনি নিজে দাঁড়িয়ে থেকে রাজীব গান্ধীর মূর্তি বাঁচিয়েছেন বলে দাবী।
দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাইমারি স্কুলের পাশে রয়েছে একটি মেডিটেশন সেন্টার। ওই সেন্টারের সামনেই পণ্ডিত জওহরলাল নেহেরুর একটি মূর্তি ছিল। কংগ্রেসের অভিযোগ, রাখি বন্ধন অনুষ্ঠানের জন্য জায়গা দরকার ছিল। তাই ক্রেন দিয়ে মূর্তিটি তুলে পাশের হর্ষবর্ধন স্কুলের জঙ্গলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে কংগ্রেস। তাদের প্রশ্ন, দেশের প্রথম প্রধানমন্ত্রীর মূর্তির সঙ্গে এমন আচরণ কেন? কেন তাঁকে এই অবমাননা?
কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, “নেহেরুর মূর্তি ক্রেন দিয়ে উপড়ে এই ভাবে ফেলে দেওয়া হয়েছে। সেখানে রাখি বন্ধনের অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়কও ছিলেন। নেহেরুর এই অপমান আমরা মানব না। পুলিশকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবস্থা নিতে হবে। না হলে আমরা আন্দোলনে নামব।”
দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেসের দুটো গোষ্ঠী রয়েছে। একটা গোষ্ঠী চোরা তৃণমূলে যোগ দিয়েছে। আর তৃণমূলীরাই জহরলাল নেহেরুর মূর্তি ফেলে দিয়েছে। আর তার প্রতিবাদে বিক্ষোভ করে বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে কংগ্রেস।"

No comments:
Post a Comment