ওয়ার্ল্ড ডেস্ক, ০৫ সেপ্টেম্বর ২০২৬: নেপালে বিধ্বংসী হড়পা বানের পর এ পর্যন্ত ১,৩৪৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও ৪,৮৯৮ জন নিখোঁজ রয়েছেন। পুলিশের তথ্যমতে, উদ্ধার হওয়া ১,৩৪৪টি মৃতদেহের মধ্যে ৪৮৯ জন পুরুষ, ২৬৯ জন নারী, ৫২ জন বালক এবং ৩৩ জন বালিকা রয়েছে। এছাড়াও, আরও ৫০১টি মৃতদেহের আংশিক অংশ উদ্ধার করা হয়েছে, যেগুলো এখনও শনাক্ত করা যায়নি।
নিখোঁজ ৪,৮৯৮ জনের মধ্যে ৪,২৫০ জন নেপালি এবং ৬১৮ জন বিদেশি রয়েছেন। নিখোঁজ নেপালি নাগরিকদের মধ্যে ২,৪৪৮ জন পুরুষ এবং ৪৮২ জন নারী। পুলিশ জানিয়েছে, ১,৩৫০ জনের নিখোঁজ হওয়ার খবর ফোন কলের মাধ্যমে পাওয়া গেছে।
এখন পর্যন্ত বন্যা-আক্রান্ত এলাকা থেকে ৮,৬৩১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৭,৩৮৭ জন নেপালি এবং ১,২৪৪ জন বিদেশী নাগরিক রয়েছেন। অন্যদিকে, বন্যায় বাস্তুচ্যুত ৩,৬৫৫ জন বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রয়েছেন।
উদ্ধার মৃতদেহগুলোর মধ্যে ১,০৩০টি শেষকৃত্য করা হয়েছে। মৃতদের শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা সংগ্রহের প্রক্রিয়াও ত্বরান্বিত করা হয়েছে।
এখন পর্যন্ত ১,২৬০ জন মৃত ব্যক্তি এবং তাদের ৯৭২ জন আত্মীয়সহ মোট ২,২৩২ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
পুলিশের মতে, ১,২৭০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিবরণ একটি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে, যাতে তাঁদের পরিবার ও আত্মীয়রা শনাক্তকরণ প্রক্রিয়ায় সহায়তা করতে পারে।
উল্লেখ্য, ২৬শে আগস্ট নেপালে আঘাত হানে ভয়াবহ হড়পা বান। নেপাল-তিব্বত সীমান্তের নিকটবর্তী লাংটাং লিরুং অঞ্চলে বরফ-পাথরের ধস বা হিমবাহ ভেঙে পড়ার কারণে এই বন্যার সৃষ্টি হয় এবং ভোতেকোশি, ত্রিশূলী ও সংশ্লিষ্ট নদীগুলোতে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে রাসুয়া, নুয়াকোট, ধাদিং, গোর্খা, চিতওয়ান, নওয়ালপরাসি এবং অন্যান্য জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি ঘটে।

No comments:
Post a Comment