কলকাতা: নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি! মনোনয়ন প্রত্যাহার করছেন রেজিনগরের 'মমতা'র প্রার্থী। উপনির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রবিউল আলম চৌধুরীর। কারণ হিসাবে তিনি জানাচ্ছেন, "নয়া প্রতীক মিলেছে। তা মানুষকে চেনানো মুশকিল হবে। কর্মীদের নামানো যাচ্ছে না। তাঁদের ওপর চাপ আছে। ভোট করব কী করে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি।” রবিউলের এই সিদ্ধান্তের পর উপনির্বাচনে আর কোনও প্রার্থী থাকল না মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আর এরই সঙ্গে বঙ্গ রাজনীতির দীর্ঘ ইতিহাসে কোনও নির্বাচন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলছাড়া।
শনিবার সকালে রেজিনগরের মমতার প্রার্থী রবিউল জানান, বেলডাঙায় কর্মীদের আসতে বলেছেন। এর পরে দুপুরে তাঁদের সঙ্গে নিয়ে বহরমপুরে মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন। সাংবাদিকরা তাঁর এই সিদ্ধান্তের কারণ জানতে চাইলে তিনি এও বলেন, 'দিদি বলেছেন, যেটা ভালো হয় দেখো।'
বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি দলের নাম-প্রতীক ফ্রিজ হয়েছিল। এরপর শুক্রবার যাও বা নতুন নাম-প্রতীক মেলে, তারপরেই প্রার্থী পদ প্রত্যাহার করে নেন মমতার নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। এর পরপরই সাংবাদিক সম্মেলন করে মমতা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর দল নন্দীগ্রাম উপনির্বাচনে লড়াই করবে না, পরিবর্তে কংগ্রেসকে সমর্থন করবেন। রেজিনগর নিয়ে তিনি বলেছিলেন, "পরে দেখব।” তারপর থেকেই প্রশ্ন উঠেছিল রেজিনগরে কী হবে? জল্পনা ছিল প্রার্থী পদ প্রত্যাহার করবেন রবিউলও। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, রেজিনগরেও কি একই পথে হাঁটবেন মমতা?
উল্লেখ্য, আজ শনিবার প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। আর এদিন সকালেই তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেন রেজিনগরের প্রার্থী। রবিউল এ দিন বলেন, “কর্মীদের ওপর চাপ আছে। ওঁরা নামছে না। নতুন প্রতীক সাধারণকে চেনানো মুশকিল। তাই প্রার্থী পদ প্রত্যাহারের সিদ্ধান্ত।”
আদি নাম-প্রতীক ফ্রিজ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নতুন নাম পায় 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'। সেই দলের প্রতীক 'ফুটবলার'। আর সেই প্রতীকে লড়াইয়ে নারাজ প্রার্থীরা। ফলত দুই কেন্দ্রে উপনির্বাচনে মমতার আর কোনও প্রার্থী থাকল না।

No comments:
Post a Comment