আলিপুরদুয়ার: সম্পর্ক রাখতে নারাজ প্রেমিকা! সেই রাগে যুবতীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। পুড়ে ছাই বাড়ি। গুরুতর দগ্ধ প্রেমিকার বৃদ্ধ বাবা। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে আলিপুরদুয়ারে। অভিযুক্ত যুবককে গ্ৰেফতারের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্তের নাম নরেশ ঘোষ।
বিশ্বকর্মা পুজোর রাতে আলিপুরদুয়ার শহরের ৭ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লির এক বাড়িতে আগুন লাগে। বাড়ির লোকেরা চিৎকার করতে থাকেন। সেই সময় বাড়ির সামনে দিয়ে যাওয়া এক যুবক চিৎকার শুনতে পেয়ে সবাইকে ডাকেন। খবর দেওয়া হয় দমকল ও পুলিশে। মুহূর্তে আগুনের গ্রাসে চলে যায় গোটা বাড়িটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দমকলের দু'টি ইঞ্জিন এসে কাজ শুরু করে। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। বাড়ি থেকে আংশিক দগ্ধ অবস্থায় বার করে আনা হয় যুবতীর বৃদ্ধ বাবা নরেশ ঘোষকে। তাঁকে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিরা সুস্থ রয়েছেন বলেই খবর।
জানা গিয়েছে, নরেশ ঘোষের বড় মেয়ের মঞ্জু ঘোষের সঙ্গে প্রেমঘটিত সম্পর্ক ছিল অনিল কুমার সরকার নামে এক যুবকের। জংশন শিববাড়ি এলাকার বাসিন্দা ওই যুবক। অভিযোগ, সম্পর্কে ব্যাঘাত ঘটতেই অনিল তাঁর প্রেমিকার বাড়িতে আগুন লাগিয়ে দেন। অভিযোগ, নরেশ ঘোষকে মদ খাইয়ে বেহুঁশ করে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন অভিযুক্ত। এই ঘটনার পরই স্থানীয়রাই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে উত্তম মধ্যম দেয় বলে অভিযোগ। পরে তাঁকে পুলিশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী এক যুবকের কথায়, "আমি এই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিলাম। তখনই চিৎকার শুনি। এই পাড়ার বাসিন্দা না হওয়ায় কাউকে চিনি না। তবে সকলকে ডাকি। দমকলে খবর দিলে দু'টি ইঞ্জিন আসে। কী করে আগুন বলতে পারব না।” মঞ্জু ঘোষের অভিযোগের ভিত্তিতে অনিলকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

No comments:
Post a Comment