কলকাতা: একগুচ্ছ কর্মসূচি নিয়ে মঙ্গলেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগানের মাঠে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এদিন আবার বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠান। জলদাপাড়ার পিলখানায় থাকা দুই হস্তী শাবকের নামকরণও করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও উত্তরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
সুভাষিণীতে যে ময়দানে এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সভা করবেন, সোমবার গঙ্গাজল ছিটিয়ে ওই সভাস্থান শুদ্ধিকরণ করেছেন বিজেপি নেতা-কর্মীরা। এই মাঠেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন। সেজন্য পালাবদলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার আগে এই শুদ্ধিকরণ বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।
মুখ্যমন্ত্রীর সভা ঘিরে সোমবার সুভাষিণী চা বাগানের মাঠে শেষ প্রস্তুতি খতিয়ে দেখেছেন প্রশাসনিক কর্তারা। ছিলেন আলিপুরদুয়ারের জেলাশাসক ময়ূরী ভাসু, জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিগগা-সহ রাজ্যের একাধিক মন্ত্রী। হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে বিশ্ব গণ্ডার দিবস উদযাপন করবে বন দফতর। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
জলদাপাড়ার কুনকি হাতিদের পরিবারে দুই ক্ষুদে সদস্য এসেছে। তাদের এখনও নামকরণ হয়নি। অতীতে দেখা গিয়েছে, কোনও বন্যপ্রাণীর নামকরণ রাজ্যের মুখ্যমন্ত্রীই করেছেন। অতএব, এবারেও এই দুই হস্তী শাবকের নাম দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও, বন দফতরের কাছে মৃত প্রাণীর দেহাংশ জমা আছে, সেগুলি পুড়িয়ে নষ্ট করা হবে বলেও খবর রয়েছে। পাশাপাশি বন দফতরের প্রদর্শনী দেখবেন মুখ্যমন্ত্রী।
এছাড়াও জলপাইগুড়ির নাগরাকাটায় মূর্তি নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধন করবেন শুভেন্দু। অনুষ্ঠান শেষে হাসিমারা সেনা ছাউনি থেকে ফের আকাশপথে কলকাতা ফিরবেন। এবার ১১ দিনের ব্যবধানে দু'বার উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর ২রা অক্টোবর ফের বক্সাতে বাঘ ছাড়ার অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

No comments:
Post a Comment