নিজস্ব সংবাদদাতা, মালদা: বাংলা থেকে বিহারে পাচারের ছক ছিল প্রচুর পরিমাণ নিষিদ্ধ ব্রাউন সুগার। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। পাচারের আগেই উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ। এই ঘটনায় দুই মহিলাকে গ্ৰেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার অন্তর্গত টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহজনকভাবে দুই মহিলাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁদের কথাবার্তায় অসঙ্গতি পায় পুলিশ। এরপর দুই মহিলাকে তল্লাশি চালানো হয়। তাঁদের কাছ থেকে উদ্ধার হয় দুটি ব্যাগ। আর সেই ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় বাচ্চাদের দুটো টিফিন বক্স। টিফিন বক্স খুলতেই চক্ষু চড়কগাছ হয় পুলিশের। দুটি টিফিন বক্স ভর্তি ছিল ব্রাউন সুগারে, যার পরিমাণ প্রায় এক কেজিরও বেশি।
পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারগুলি কালিয়াচক থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ওই দুই মহিলাকে। জানা গিয়েছে, ধৃত দুই মহিলার নাম খুশি খাতুন ও জৈনক খাতুন। ধৃত দু'জনের বাড়ি কালিয়াচক থানার অন্তর্গত নয়াগ্রাম এলাকায়।
কোথা থেকে এত পরিমাণ ব্রাউন সুগার ধৃতদের কাছে এল, কোথায় এগুলো পাচার করা হতো, এই চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

No comments:
Post a Comment