অতি বৃষ্টির জেরে রেললাইনে ধস, আটকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, September 3, 2026

অতি বৃষ্টির জেরে রেললাইনে ধস, আটকে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন


কলকাতা: টানা বৃষ্টিতে নিউ ফরাক্কা স্টেশনে রেললাইনে ধস, আটকে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন! ভোর রাত থেকেই চলছে জোরকদমে মেরামতির কাজ। টানা কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে আচমকাই রেললাইনের একটি অংশ বসে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রী থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ। 


রেল সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে, ফরাক্কা ব্যারেজে প্রবেশের মুখে আপ লাইনে আচমকাই ধস নামে। বৃষ্টির জেরে মাটি নরম হয়ে যাওয়ার কারণেই রেললাইনের একটি অংশ বসে গিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার পরই দ্রুত তৎপর হয় রেল দফতর। ঘটনাস্থলে পৌঁছে শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামতের কাজ।


এদিকে রেললাইন বসে যাওয়ার জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেনের চলাচল ব্যাহত হয়েছে। রেল কর্তৃপক্ষের সূত্রে খবর, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যোগবানি এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল-সহ উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন আটকে পড়ে। ফলত সমস্যায় পড়েন বহু যাত্রী। স্টেশনে এবং বিভিন্ন রেলপথে তৈরি হয় অপেক্ষার পরিস্থিতি।


তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় রেল কর্তৃপক্ষ। একদিকে ক্ষতিগ্রস্ত আপ লাইনে জোরকদমে মেরামতির কাজ চলছে, অন্যদিকে বিকল্প একটি সিঙ্গেল লাইন ব্যবহার করে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন রেলের আধিকারিক ও কর্মীরা।


যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতির কাজ। দ্রুত রেললাইন মেরামত করে ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করার লক্ষ্যে কাজ করছেন রেলকর্মীরা। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের সতর্ক থাকার এবং রেল কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। তবে, প্রবল বৃষ্টির মধ্যে রেললাইনে এই ধসকে ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad