মমতা তৃণমূলের নতুন লোগো প্রকাশ, 'ফুটবলার' চেনাতে বড় নির্দেশ দলনেত্রীর - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 21, 2026

মমতা তৃণমূলের নতুন লোগো প্রকাশ, 'ফুটবলার' চেনাতে বড় নির্দেশ দলনেত্রীর


কলকাতা: আর কয়েক দিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট আসন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচন। এই আবহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে আদি দলের‌ নাম-প্রতীক। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আদি লোগো বা জোড়া ফুল প্রতীক ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। পরিবর্তে মমতার জুটেছে 'ফুটবলার' প্রতীক। এমন পরিস্থিতিতে উপনির্বাচনের আগে নতুন লোগো প্রকাশ করল মমতা তৃণমূল। যেখানে একেবারে মাঝেই রয়েছে নতুন প্রতীক ফুটবলার। আর তার চারদিকে নীল প্রেক্ষাপটের উপরে সাদা হরফে বড় বড় করে লেখা রয়েছে দলের নতুন নাম 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস'। লোগোয় রয়েছে জাতীয় পতাকায় থাকা তিন রঙ অর্থাৎ গেরুয়া, সাদা ও সবুজের ছোঁয়া।


মমতা তৃণমূলের তরফে দলের সব স্তরের নেতা-কর্মী এবং জনপ্রতিনিধিদের নিজ নিজ মাধ্যমে নতুন লোগোর প্রচার এবং প্রতীক চেনানোর কাজ করতে বলা হয়েছে। সোমবার বেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ-বিধায়কদের অনেকে সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে থাকেন।


উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন রয়েছে। এমনকি এই ভোট মিটলেই কলকাতা পুরসভা-সহ রাজ্যের একাধিক পুরসভায় নির্বাচন রয়েছে। তার আগেই নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশে হাতছাড়া দলের নাম এবং তৃণমূলের ঘাসফুল প্রতীক। বলাবাহুল্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বড় ধাক্কা। এহেন পরিস্থিতিতে যদিও কৌশলী পদক্ষেপ করেই মমতা বন্দ্যোপাধ্যায় এমন তিনটি নাম নির্বাচন কমিশনে পাঠিয়েছিলেন যাতে মমতাও থাকবে আবার তৃণমূলও থাকবে। আর সেরকমই একটি নামেই মান্যতা দিয়েছে কমিশন। লোগো হিসেবে মমতার দুটি পছন্দ ছিল, একটি ফুটবলার ও একটি ব্যাট। শেষ পর্যন্ত ফুটবলার প্রতীকেই কমিশন স্বীকৃতি দিয়েছে।


কিন্তু এতকিছুর পরেও মমতা-তৃণমূলের এই নতুন লোগো সাধারণ মানুষের মধ্যে কতটা জায়গা করে নিতে পারবে? আদৌ মমতার লোগো মানুষ চিনতে পারবে কি না? তা নিয়ে প্রশ্ন থাকছেই। যদিও ইতিমধ্যে সমস্ত নেতা-কর্মীকে নতুন লোগো এবং প্রতীক নিয়ে ময়দানে নামার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য একটাই, নতুন লোগো এবং প্রতীক চেনানো। দলের নির্দেশ মেনে ইতিমধ্যে মমতা-তৃণমূলের একাধিক সাংসদ-বিধায়ক সমাজমাধ্যমে নতুন লোগোর ছবি পোস্ট করতে শুরু করেছেন এবং তা বেশ সাড়াও পেয়েছে। 


উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনে ভরাডুবির পর থেকেই মুষলপর্ব শুরু হয় তৎকালীন তৃণমূল কংগ্রেসে। বিজয়ী ৮০ জন বিধায়কের মধ্যে ৬৫ জনই নিজেদের 'আসল' তৃণমূল বলে দাবী করে মমতা শিবির থেকে বেরিয়ে যান। এরপরেই দলের নাম, প্রতীক ও তহবিল নিয়ে টানাপোড়েন শুরু হয় দুই শিবিরে। এমনকি দলের নাম, প্রতীক, তহবিল হাতে রাখতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে নিজেদের প্রমাণ পেশ করে মমতা ও ঋতব্রত শিবির। এরপর দীর্ঘ টানাপোড়েন শেষে গত ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইতি পড়ে এই প্রতীক যুদ্ধে। জোড়াফুল প্রতীক ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস – ফ্রিজ করে দেয় কমিশন। এরপর শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে দুই শিবিরের নতুন নাম-প্রতীক জানানো হয়। মমতা শিবিরের নাম 'মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস', তাঁদের প্রতীক 'ফুটবলার' এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নাম 'ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস', তাঁদের প্রতীক 'খাম'।

No comments:

Post a Comment

Post Top Ad