ন্যাশনাল ডেস্ক, ২৬ সেপ্টেম্বর ২০২৬: ভেজাল ও বিষাক্ত মদ পান করে মৃত্যুর কোলে একাধিক মানুষ। ঘটনাটি ঘটেছে নাগাল্যান্ডে। ভেজাল ও বিষাক্ত মদ পান করে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শোকের ছায়া পরিবারে। সবচেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় হল, যে রাজ্যে মদ নিষিদ্ধ, সেখানেই কিনা বিষাক্ত মদ পানে এতজনের মৃত্যুর ঘটনা ঘটল!
পুলিশ জানিয়েছে, এই ঘটনাগুলো বিভিন্ন জেলায় ঘটেছে। পুলিশের তথ্যমতে, গত দুই দিনে মোকোকচুং জেলায় আটজন এবং টুয়েনসাং জেলায় ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, সব মৃত্যুই অবৈধ মদ পানের কারণে হয়েছে।
ঘটনার পর, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) ভেসুপ্রা কেজো শনিবার জানিয়েছেন যে, এই মৃত্যুর তদন্ত এবং ভেজাল মদের উৎস ও সরবরাহ শৃঙ্খল নির্ধারণের জন্য অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এএসপি) আই. বুংলাং চ্যাং-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। তিনি আরও বলেন যে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফরেনসিক পরীক্ষার জন্য নমুনা গুয়াহাটিতে পাঠানো হয়েছে। বেসুপ্রা কেজো বলেছেন, "আমরা কিছু সূত্র পেয়েছি, কিন্তু এখনই বিস্তারিত জানানোর সময় আসেনি।" এই মৃত্যুর ঘটনার পর পুলিশ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে। প্রায় ৩,০০০ বোতল মদও বাজেয়াপ্ত করা হয়েছে।
উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে মদ্যপান নিষিদ্ধ রয়েছে। তা সত্ত্বেও, এই ধরণের একটি ঘটনা প্রশাসনের মনোভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেভাবে এলাকায় বিষাক্ত মদ বিক্রি বা পরিবহন করা হচ্ছিল, তা তদন্তাধীন একটি বিষয়।

No comments:
Post a Comment