নিজস্ব সংবাদদাতা, হাওড়া: ছাত্রীদের কুরুচিপূর্ণ ম্যাসেজ পাঠানোর অভিযোগ উঠল এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্যতম নামি শিক্ষা প্রতিষ্ঠান বেলুড় হাই স্কুলে। স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন জেলা স্কুল পরিদর্শক।
দীর্ঘদিন ধরে বেলুড় হাই স্কুলের ভিজুয়াল আর্টসের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কুরুচিকর ম্যাসেজ পাঠানোর অভিযোগ ওঠে। আগে ওই শিক্ষককে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে সতর্ক করা হলেও কোনও লাভ হয়নি। অভিযোগ ফের ওই শিক্ষক একই কাজ করে যাচ্ছেন। ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা বিষয়টি লিখিতভাবে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করে গত ৫ই সেপ্টেম্বর।
ছাত্রীরা জানায়, তাদের ঘুরতে যাওয়ার জন্য বলা হতো। মডেল হওয়ার জন্য ছবি পাঠাতে বলা হতো। এমনকি হোয়াটসআপে বাজে ম্যাসেজ পাঠানো হতো।শিক্ষক-সহ পড়ুয়ারা প্রত্যেকেই চাইছেন ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।
এই প্রসঙ্গে প্রধান শিক্ষক জানান, ছাত্রছাত্রীরা প্রথমে মৌখিকভাবে বিষয়টি জানায়। তিনি বলেন, 'প্রথমে তারা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিল না। আমি ৩-৪ জনকে আমার ঘরে ডেকে পাঠিয়ে কথা বলে লিখিত অভিযোগ জমা দিতে বলি। এরপর তারা লিখিতভাবে অভিযোগ করে। অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে ডেকে পাঠাই ও কারণ দর্শাতে বলা হয়েছে লিখিত ভাবে। ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।'
যদিও অভিযুক্ত ওই শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়নি। তবে জেলা স্কুল পরিদর্শক বিমল কুমার গায়েন জানিয়েছেন বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন।

No comments:
Post a Comment