নিজস্ব সংবাদদাতা, হাওড়া: জমা জল ও বেহাল রাস্তার জেরে নাজেহাল বাসিন্দারা। এই চিত্র হাওড়ার ডোমজুড়ের। চরম সমস্যায় স্থানীয়রা। হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় রাস্তার বেহাল দশা এবং দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা জলের সমস্যায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বিশেষ করে নিশ্চিন্দা গ্রাম পঞ্চায়েতের ১৯৫ ও ১৯২ নম্বর বুথের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার ওপর জমে রয়েছে নোংরা জল। সেই জলে তৈরি হচ্ছে দুর্গন্ধ এবং নিত্যদিন সেই জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দীর্ঘদিন জমে থাকা নোংরা জলের কারণে ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে। বাসিন্দাদের অভিযোগ, এই সমস্যার কথা জানিয়ে পঞ্চায়েতে যাওয়ার পর মাঝে মধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে নামমাত্র রাস্তার জল পরিষ্কার করা হয় অথবা নর্দমার জল সরানোর চেষ্টা করা হয়। কিন্তু তাঁদের দাবী, স্থায়ীভাবে সমস্যার সমাধান হচ্ছে না। ফলে কয়েকদিন পরেই ফের একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, এই এলাকায় থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিয়ে। স্থানীয়দের দাবী, সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মধ্যেও জল ঢুকে পড়েছে। ছোট ছোট শিশুদের নিয়ে এমন পরিস্থিতিতে কীভাবে স্কুল চালানো হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
পঞ্চায়েত সদস্যকে নিয়েও ক্ষোভ! স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, তাঁদের নির্বাচিত পঞ্চায়েত সদস্যকে এলাকায় নিয়মিতভাবে সমস্যার খোঁজ নিতে দেখা যায় না। এমনকি অনেক সময় তাঁকে দেখাই পাওয়া যায় না বলেও অভিযোগ। একদিকে রাস্তার বেহাল দশা, তার ওপর নোংরা জল, দুর্গন্ধ, এমনকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভিতরেও জল- সব মিলিয়ে নিশ্চিন্দার এই এলাকায় এক কঠিন পরিস্থিতি। সমস্যা সমাধানের আশায় স্থানীয় বাসিন্দারা।

No comments:
Post a Comment