রাতের অন্ধকারে ঘরের সিঁধ কেটে ঢুকে এক মহিলাকে খুনের অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই সোমবার সকালে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া এলাকায়। জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন ওই মহিলা।
প্রাথমিকভাবে চুরির উদ্দেশ্যে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল বলে সন্দেহ করা হলেও, ঘর থেকে উল্লেখযোগ্য কিছু চুরি যাওয়ার প্রমাণ এখনও মেলেনি। সূত্রের দাবী, ওই মহিলা সম্প্রতি সরকারি আবাসন তৈরির জন্য কয়েক হাজার টাকা পেয়েছিলেন। সেই টাকাকে ঘিরেও তদন্তকারীরা বিভিন্ন সম্ভাবনা খতিয়ে দেখছেন।
পরিবারের দাবী, ওই মহিলাকে কেউ কুপ্রস্তাব দিয়েছিল এবং তাতে তিনি রাজি না হওয়ার কারণেই এই হামলা কি না, সেই সম্ভাবনাও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। তবে এটি পরিবারের প্রাথমিক অনুমান; এখনও পর্যন্ত পুলিশের তদন্তে এমন কোনও কারণ নিশ্চিত হয়নি।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পরে তদন্তে আসেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। ঘটনাস্থল থেকে হাতের ছাপ, দুষ্কৃতীদের ব্যবহৃত বলে সন্দেহ করা বিভিন্ন সামগ্রী, ইট এবং রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
মৃতদেহ প্রথমে ময়নাতদন্তের জন্য রানাঘাট হাসপাতালে পাঠানো হয়। পরে ফরেনসিক ময়নাতদন্তের জন্য দেহ কল্যাণী এইমস-এ নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেখানেই ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
চুরির উদ্দেশ্য, ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ—ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকা এবং অন্যান্য সম্ভাব্য সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment