অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি, এসডিও দফতরের সামনে তুমুল বিক্ষোভ - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, September 21, 2026

অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি, এসডিও দফতরের সামনে তুমুল বিক্ষোভ



নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: অন্নপূর্ণা যোজনার টাকা মেলেনি, প্রতিবাদে তুমুল বিক্ষোভ মহিলা উপভোক্তাদের। ঘটনাটি ঘটেছে সোমবার। এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের (এসডিও) দফতরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান বহু মহিলা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। 


বিক্ষোভকারীদের বক্তব্য, অন্নপূর্ণা যোজনার জন্য নিয়ম মেনে আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করা হলেও, বাস্তবে সেই টাকা এখনও বহু উপভোক্তার কাছে পৌঁছয়নি বলে দাবী তাঁদের।


মহিলাদের আরও অভিযোগ, অনেকের ক্ষেত্রেই আবেদন ‘অ্যাপ্রুভড’ দেখাচ্ছে, কিন্তু তবুও টাকা জমা পড়ছে না। বারবার দফতরে এসে খোঁজ নিতে বলা হচ্ছে এবং নতুন করে ফর্ম পূরণ করতে বলা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। তাঁদের বক্তব্য, এতে করে প্রতিদিন কাজ ফেলে দফতরে আসা সম্ভব নয়। আর এই কারণেই সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিক্ষোভকারীদের কারও কারও বক্তব্য, ভোটের আগে বলা হয়েছিল সবাই টাকা পাবেন আর ভোটে জেতার পর সবাই রঙ দেখাচ্ছে।‌


উল্লেখ্য, এর আগেও একই দাবীতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখিয়েছিলেন উপভোক্তারা। সোমবার ফের এসডিও অফিসে এসে নিজেদের ক্ষোভ উগরে দেন তাঁরা। দ্রুত প্রাপ্য টাকা মেটানো এবং কেন টাকা আটকে রয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবী জানান বিক্ষোভকারীরা।


এদিন দফতরের সামনে বিক্ষোভ ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও পরবর্তীতে তা নিয়ন্ত্রণে আসে। এবারে প্রশাসনের তরফে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর সকলের।

No comments:

Post a Comment

Post Top Ad