কলকাতা: জোড়াফুল নিয়ে এতদিন দড়ি টানাটানি চলছিল। এবারে একই চিত্র দেখা গেল 'খাম' নিয়ে। বিকল্প প্রতীক 'আলমারি' পেলেও খাম হাতছাড়া করতে রাজি নয় নওশাদ সিদ্দিকীর আইএসএফ। প্রতীক নিয়ে আপত্তি জানিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। চিঠিও দিয়েছেন তিনি। আর সোমবার তিনি গেলেন কলকাতা হাইকোর্টে।
এদিনই মামলা দায়ের হতে চলেছ বলে খবর। সূত্রে জানা গিয়েছে, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসের মামলাটি দায়ের হবে। আগামী ৬ অক্টোবর, নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। এর আগে প্রতীক ফিরে পেতে আইনের কতটা সাহায্য পাবেন তাঁরা, সেটাই দেখার।
প্রতীক নিয়ে এতদিন যুদ্ধ চলছিল তৃণমূল কংগ্রেসের অন্দরে। এরপর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। দীর্ঘ টানাপোড়েন শেষে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও প্রতীক জোড়াফুল ফ্রিজ করে দেয়। এরপর দুই শিবির পায় নতুন নাম-প্রতীক। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির এখন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস', তাঁদের প্রতীক 'ফুটবলার'। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির নাম পেয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। আর তাঁদের নতুন প্রতীক 'খাম'।
আর এখানেই ফের জট। গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের হাতে যে 'খাম' প্রতীক তুলে দেওয়া হয়েছে, তা এতদিন ছিল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের। ২০২১ সাল থেকে তারা এই প্রতীকে নির্বাচনে লড়েছে। আইএসএফের রেজিস্টার্ড সেই একই প্রতীক কীভাবে কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলকে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দলের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেদিনই তিনি জানিয়েছিলেন, এনিয়ে কমিশনকে আইনি চিঠি পাঠাবেন। যদিও পরে দুই রাজনৈতিক দলের একই প্রতীক নিয়ে বিভ্রাট মেটাতে কমিশন আইএসএফকে দেয় 'আলমারি' প্রতীক। কিন্তু তা সত্ত্বেও 'খাম' হাতছাড়া করতে রাজি নয় নওশাদ এবং এই নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
নন্দীগ্রামে নতুন একটি দল রাতারাতি কীভাবে 'স্বীকৃত দল' হয়ে গেল এবং 'খাম' প্রতীক পেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নওশাদ। তিনি বলেন, “এই খেলা উচিৎ নয়।” তাঁর বক্তব্য, নির্বাচন যত বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং মানুষের সামনে যত বেশি বিকল্প থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ততই শক্তিশালী হবে। নওশাদের বক্তব্যে স্পষ্ট, বিষয়টিকে তিনি শুধু একটি প্রতীকের বিতর্ক হিসেবে দেখছেন না বরং নির্বাচনে রাজনৈতিক অংশগ্রহণ, প্রতীক বরাদ্দ এবং গণতান্ত্রিক প্রতিদ্বন্দ্বিতার বৃহত্তর প্রশ্ন হিসেবেই সামনে আনতে চাইছেন।
উল্লেখ্য, চলতি বছর বিধানসভা ভোটের আগেই গত মার্চ মাসে নিয়ম মেনে 'খাম' প্রতীকটি কমিশনে নথিভুক্ত করিয়েছিল আইএসএফ নেতৃত্ব। কিন্তু গত শুক্রবার নির্বাচন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন দলকে সেই 'খাম' তুলে দিতেই ক্ষোভে ফেটে পড়েন নওশাদ।
আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। ভোটের চরম মুহূর্তে প্রতীক পরিবর্তনের খাঁড়া নেমে আসায় বেজায় বিপাকে পড়েছেন নওশাদরা।
সূত্রে খবর, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলা দায়ের হতে পারে আজই। মামলার শুনানি কবে, তা যদিও এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, উপনির্বাচনকে সামনে রেখে দ্রুত শুনানির আবেদন জানাতে চলেছে আইএসএফ। 'খাম' নিয়ে এই জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার।

No comments:
Post a Comment