ন্যাশনাল ডেস্ক, ২৩ অক্টোবর ২০২৬: আতশ বাজি ভর্তি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বিহারের সিওয়ান জেলায় শুক্রবার ঘটেছে এই দুর্ঘটনা। জামো থানা এলাকার আলমাপুর গ্রামে আতশবাজি মজুত একটি বাড়িতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির সামনের অংশের ধ্বংসাবশেষ ছিটকে রাস্তায় এসে পড়ে। এই ঘটনায় (প্রতিবেদন লেখা পর্যন্ত) পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনি। ঘটনাস্থলে পুলিশ ও চিকিৎসক দলের উপস্থিতিতে উদ্ধারকাজ চলছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সিওয়ান জেলার জামো থানা এলাকার আলমাপুর গ্রামে বাজিতে আগুন লাগার জেরে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলমাপুরের বাসিন্দা মহম্মদ আমিরুদ্দিন মিয়াঁর বাড়িতে প্রচুর বাজি মজুত ছিল। তিনি বাজির ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার সময় বাড়ির ভিতরে একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও খবর। সেই সময় কোনওভাবে বাজিতে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাড়িতে মজুত থাকা অন্যান্য বাজিতেও। এরপর একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটির সামনের অংশ ভেঙে এর ধ্বংসাবশেষ রাস্তায় ছিটকে পড়ে। বিস্ফোরণের পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। জানা গিয়েছে, প্রায় দু’ঘন্টা ধরে বিরতিতে বিরতিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের ভয়াবহতায় মৃতদেহগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। ফলে মৃতদের শনাক্ত করতে সমস্যার সৃষ্টি হচ্ছে বলেও জানা যাচ্ছে স্থানীয় সূত্রে।
ঘটনার পর সংবাদমাধ্যমের তরফে সিওয়ানের পুলিশ সুপার ভারত সোনির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তিনি পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ঘটনাস্থলে পুলিশের একাধিক দল এবং চিকিৎসক দল মোতায়েন রয়েছে। পাশাপাশি চলছে উদ্ধারকাজ। আপাতত মৃতদের পরিচয় এবং দুর্ঘটনার অন্যান্য দিক সম্পর্কে আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ বিস্ফোরণের পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে।

No comments:
Post a Comment