কলকাতা: চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে সিটের ছয় সদস্যের প্রতিনিধির দল। পুজো মণ্ডপের প্রস্থান গেটে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় ঠিক কী কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা খতিয়ে দেখতেই ঘটনাস্থলে যান বিশেষ তদন্তকারী দল। ঘটনাস্থল ঘুরে দেখেন ডিজি ফায়ার অনুজ শর্মা, ডিজি এসটিএফ জাভেদ শামিম-সহ সিটের প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে ছয় সদস্যের তদন্তকারী দলের পাশাপাশি মণ্ডপ ফরেন্সিক দলও ঘটনাস্থলে পৌঁছয়। মণ্ডপের ভিতর ও বাইরের বিভিন্ন অংশ খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করেন তাঁরা।
জানা গিয়েছে, প্রায় ১৫ মিনিট ঘটনাস্থলে ছিলেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিল থ্রি ডি স্ক্যানার। দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারীরা। কী করে দুর্ঘটনা, প্রবেশ ও প্রস্থানের পথ কত ফুট চড়ওা ছিল? কোন পরিস্থিতিতে মণ্ডপ ভেঙে যাওয়ার মতো বিভ্রান্তিকর ঘোষণা করা হয়! সব দিক খতিয়ে দেখেন তাঁরা। এদিকে আটক করা হয়েছে মাইকে বিভ্রান্তিকর ঘোষণাকারী ক্লাব সদস্য সেন্টুকে। চোরবাগান কাণ্ডে ইতিমধ্যেই ধৃত সাতজনের কাছ থেকে এই সেন্টুর নাম জানতে পারে পুলিশ। তাঁকে নদিয়া থেকে আটক করা হয়েছে। কার নির্দেশে তিনি এই বিভ্রান্তিকর ঘোষণা করেছেন তা জানতে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেন্টুকে।
সপ্তমীর রাতে উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। তবে ঠিক কোন পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, দুর্ঘটনার আগে কোনও সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না এবং ভিড় সামলানোর ব্যবস্থায় কোনও ঘাটতি ছিল কি না, তার উত্তর এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন হাইকোর্টের কোনও বিচারপতিকে মাথায় বসিয়ে তদন্তকারী দল তৈরি করা হবে। সেইমতো মঙ্গলবার মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ মেনে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। এই দলে আছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দপ্তরের সচিব, স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি, আইজি। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি এবং রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি। সিট গঠনের ১২ ঘন্টার মধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকারী দল। সব দিক খতিয়ে দেখার পাশাপাশি ফরেন্সিক নমুনা সংগ্রহের মাধ্যমে এই দুর্ঘটনার নেপথ্যের কারণ খুঁজছেন তদন্তকারীরা।
সিটের প্রধান তথা প্রাক্তন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিন মাসের মধ্যে সব দিক খতিয়ে দেখে তদন্ত শেষ করা বেশ চ্যালেঞ্জিং। তিনি বলেন, "তদন্ত করে ৩ মাসে রিপোর্ট দেওয়াটা চ্যালেঞ্জিং। তবে করতেই হবে। মৃত্যু কী কারণে, সেটা খুঁজে বার করতে হবে। আগামীতে যাতে এই রকম ঘটনা না ঘটে, তা নিশ্চিত করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করতে হবে।”

No comments:
Post a Comment