বিসর্জনের আবহেই রণক্ষেত্র আরামবাগের সতীতলা! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক একাধিক - Press Card News

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, October 22, 2026

বিসর্জনের আবহেই রণক্ষেত্র আরামবাগের সতীতলা! দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা, আটক একাধিক


নিজস্ব সংবাদদাতা, হুগলি: বিজয়া দশমীর আবহেই দুই পাড়ার সংঘর্ষকে কেন্দ্র করে চরম উত্তেজনা। উত্তপ্ত হয়ে উঠল হুগলির আরামবাগের সতীতলা এলাকা। বুধবার সন্ধ্যায় বিসর্জনের অনুষ্ঠান শেষ হতেই দুই পাড়ার মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা ক্রমে সংঘর্ষের চেহারা নেয়। মারধর, বাড়িতে ঢুকে হামলা এবং ভাঙচুরের অভিযোগ পর্যন্ত উঠেছে। ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের সময় এলাকার কিছু শিশু আনন্দ করছিল। অভিযোগ, সেই সময় তাদের সঙ্গে বচসা ও মারধরের ঘটনা ঘটে। আহত শিশুদের পরিবারের কাছে খবর পৌঁছতেই সতীতলা এলাকার কয়েকজন প্রতিবেশী ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযোগ, এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।


অভিযোগ উঠেছে, বাঁধ পাড়া এলাকায় প্রায় ৭০ থেকে ৮০ জন যুবক সতীতলার একাংশ বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুর চালায়। বাড়ির একাংশ, জানলার কাঁচ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ।


খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় অতিরিক্ত পুলিশ ফোর্স। ঘটনাস্থলে পৌঁছন আরামবাগ থানার আইসি সমিত তালুকদার এবং বিজেপি নেতৃত্ব সুমন তিওয়ারী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


সূত্রের খবর, এই ঘটনায় তিনজন মহিলা ও তিনজন পুরুষ-সহ মোট ছয়জনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত, কারা হামলায় জড়িত এবং ভাঙচুরের অভিযোগ কতটা সত্য—তা খতিয়ে দেখছে পুলিশ।


বিজয়া দশমীর আবহে এমন উত্তেজনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad