নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: জঙ্গল থেকে লোকালয়ে খাবারের সন্ধানে হাতির হানা, রাতভর ধানক্ষেতে দাপাদাপি! ভোরের আলো ফুটতেই আবার জঙ্গলে ফিরে গেল হাতির দল। ডুয়ার্সের বানারহাট ব্লকের উত্তর চানাডিপা এলাকায় এমনই ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সন্ধানে ধানক্ষেতে চলে আসে হাতির দল। রাতভর ফসলের জমিতে দাপাদাপি করার পর ভোর হতেই মরাঘাট রেঞ্জের তোতাপাড়া জঙ্গলে ফিরে যায় হাতিগুলি। আর হাতির এই আনাগোনায় কার্যত মাথায় হাত এলাকার কৃষকদের। রাত জেগে ফসল পাহারা দিয়েও ধান বাঁচানো কঠিন হয়ে পড়ছে তাঁদের কাছে।
ডুয়ার্সের বিভিন্ন জঙ্গললাগোয়া এলাকায় হাতির হানার ঘটনা নতুন নয়। প্রতিদিন সন্ধ্যা নামতেই লোকালয়ের দিকে চলে আসছে হাতির দল। কখনও গ্রামবাসীদের চিৎকারে জঙ্গলে ফিরে যাচ্ছে হাতিরা, আবার কখনও ধানক্ষেতের ব্যাপক ক্ষতি করে চলে যাচ্ছে। ফলে একদিকে যেমন ফসল রক্ষা নিয়ে চিন্তায় কৃষকরা, অন্যদিকে তেমনই হাতির আনাগোনায় আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।
অন্যদিকে, বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বনকর্মীরা নিয়মিত টহলদারি চালালেও হাতির হানা পুরোপুরি ঠেকানো সম্ভব হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। কৃষকদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ধানের ফলন ও তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়বে।
এখন একটাই প্রশ্ন, জঙ্গললাগোয়া এলাকার কৃষকদের ফসল রক্ষা এবং হাতি-মানুষ সংঘাত কমাতে কী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন উত্তর চানাডিপা-সহ আশপাশের এলাকার বাসিন্দারা। হাতির এই নিত্যদিনের হানায় উদ্বেগ বেড়েই চলেছে তাঁদের।

No comments:
Post a Comment